বিমান ভ্রমণের উপযোগী না হওয়ায় সময় পিছিয়েছে
লন্ডন যাত্রা অনিশ্চিত: শারীরিক ঝুঁকিতে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া স্থগিত
ঢাকা, ৬ ডিসেম্বর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় তাঁকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার সিদ্ধান্ত আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমানযাত্রা তাঁর জন্য নিরাপদ কি না, সেটিই এখন মূল বিবেচনা।
চিকিৎসক দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস–সংক্রান্ত সমস্যার ওঠানামার মধ্যেই চিকিৎসা চলছে। সর্বশেষ তথ্যে কিডনির কার্যকারিতা ও হিমোগ্লোবিন কিছুটা বেড়েছে এবং ফুসফুসের অবস্থারও উন্নতি হয়েছে। তবে তিনি এখনো ঝুঁকিমুক্ত নন।
এই পরিস্থিতিতে বিদেশে নেওয়ার সম্ভাব্য তারিখ প্রথমে ৫ ডিসেম্বর থেকে পরিবর্তন হয়ে ৭ ডিসেম্বর নির্ধারিত হয়। পরে তা পিছিয়ে ৯ ডিসেম্বর করা হলেও এটিও নিশ্চিত নয় বলে দলের একটি সূত্র জানিয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “ম্যাডাম আগেও আরও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন। আমরা আশাবাদী, এবারও সুস্থ হয়ে ফিরবেন, ইনশা আল্লাহ।”
এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিমান ভ্রমণের উপযোগী না হওয়ায় সময় পিছিয়েছে। তিনি জানান, “যখনই বোর্ড মনে করবে শারীরিকভাবে নিরাপদ, তখনই ফ্লাই করবেন।” এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যাও বিলম্বের একটি কারণ বলেও তিনি উল্লেখ করেন।