বাংলাদেশ সংবাদ

৬৫০ জনের জামায়াতে যোগদান, বিএনপি নেতাকর্মী থেকে সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তা

৬৫০ জনের জামায়াতে যোগদান, বিএনপি নেতাকর্মী থেকে সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তা

বাংলাদেশ প্রতিনিধি, ১ সেপ্টেম্বর:

রাজধানীতে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কওমি আলেম, সাবেক বিচারপতি, আইনজীবী, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা এবং ব্যবসায়ীসহ ৬৫০ জন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত দাওয়াতি সমাবেশে তাদের দলটিতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়।

জামায়াতের মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন যোগ দেওয়া ব্যক্তিদের ফুল ও ইসলামিক বই দিয়ে স্বাগত জানান দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

জামায়াতে যোগ দেওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ এবং কয়েকজন ব্যবসায়ী।

রাজনৈতিক অঙ্গন থেকেও বেশ কয়েকজন নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে বংশাল থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন, ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদ এবং ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমর রয়েছেন।

ধর্মীয় অঙ্গনের ব্যক্তিদের মধ্যেও কয়েকজন জামায়াতে যোগ দেন। তাদের মধ্যে গেন্ডারিয়ার লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ কোল্লল, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন এবং কওমি আলেম মুফতি আবুল কালাম আজাদ মাদানী, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন (রসুলপুরী) ও মাওলানা হাসান জামিলের নাম উল্লেখ করা হয়েছে।

সমাবেশে নতুন সদস্যদের কয়েকজন বক্তব্যও দেন। তাদের মধ্যে ছিলেন আইনজীবী ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, ব্যবসায়ী আবুল আয়েশ খান এবং বিএনপি নেতা ইয়াকুব সরকার।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। দলটির পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের চলমান মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির ধারাবাহিকতায় এ ধরনের দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।