বাংলাদেশ সংবাদ

বিমান মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা, জরিমানা ৬ হাজার টাকা

বিমান মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা, জরিমানা ৬ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, ৪ সেপ্টেম্বর:

প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ে যাওয়ার সময় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত রেঞ্জ রোভার গাড়ির চালকের বিরুদ্ধে দুটি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। দুই মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কাকরাইল এলাকায় গাড়িটি সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে বলে ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষ থেকে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গাড়িটি না পেলেও নিবন্ধন নম্বরের সূত্র ধরে পরে সচিবালয়ে গাড়িটি শনাক্ত করে।

গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৮-২১২৫। মামলার নথিতে চালক মো. আরিফ হোসেনকে অভিযুক্ত করা হয়েছে। একটি মামলা হয়েছে অনিরাপদভাবে গাড়ি চালানোর অভিযোগে এবং অন্যটি সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও লেন লঙ্ঘনের অভিযোগে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

চালক আরিফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহর আসার বিষয়টি শুরুতে বুঝতে না পেরে পরে গাড়িটি এক পাশে সরিয়ে নেন। এরপর গাড়িবহর চলে গেলে তাঁরা সচিবালয়ে যান।

ট্রাফিক কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত কাকরাইল এলাকায় হলেও দুই মামলার রসিদে স্থান হিসেবে মৎস্য ভবন ক্রসিং উল্লেখ করা হয়েছে।

সড়ক পরিবহন আইন অনুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড বা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।