বাংলাদেশ সংবাদ

ঢাকায় বিমানের সিটের নিচে পাওয়া গেল ২০ কোটি টাকার স্বর্ণ, মালিক নেই

ঢাকায় বিমানের সিটের নিচে পাওয়া গেল ২০ কোটি টাকার স্বর্ণ, মালিক নেই

নিজস্ব সংবাদাতা, ৪ সেপ্টেম্বর: 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তবে এত বিপুল স্বর্ণের কোনো মালিককে এখনো শনাক্ত করা যায়নি।

বুধবার রাতে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫২৩ ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় ঢাকা কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। রাত ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি অবতরণের প্রায় ১৫ মিনিট পর তল্লাশি শুরু হয়। তখন উড়োজাহাজটি যাত্রীশূন্য ছিল।

তল্লাশির একপর্যায়ে ১৯এ নম্বর আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। পরে কাস্টমস হলে প্যাকেটটি খুলে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণগুলোর মোট ওজন ৯ কেজি ৩৩১ গ্রাম। কাস্টমস কর্তৃপক্ষের হিসাবে এগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।

কাস্টমস জানিয়েছে, শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণগুলো উড়োজাহাজে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এগুলো বিমানবন্দরের বাইরে নেওয়ার আগেই উদ্ধার হওয়ায় বড় ধরনের চোরাচালান ঠেকানো সম্ভব হয়েছে।

উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দরের মূল্যবান পণ্যের গুদামে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী পরে তা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় মামলা হয়েছে। স্বর্ণের প্রকৃত মালিক ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।