ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, আহত ৩০৯; নিহতদের মধ্যে দুই বাংলাদেশি
বিশ্ব সংবাদ ডেস্ক, ১১ অক্টোবর:
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকও রয়েছেন। আহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন ।
শনিবারের হামলায় বিমানবন্দরের ৩ ও ৪ নম্বর টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় সেখানে অভ্যন্তরীণ ফ্লাইটের অপেক্ষায় বহু যাত্রী ছিলেন। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বা বিস্ফোরক বস্তু পড়েছে বলে জানানো হয়েছে।
হামলার পর রোববার রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ছিল। ইয়েমেনভিত্তিক ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার না করতে যাত্রী ও বিমান সংস্থাগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে। তবে মক্কা ও মদিনার বিমানবন্দরকে তাদের ঘোষিত হুমকির বাইরে রাখা হয়েছে বলে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন।
সৌদি আরব ইয়েমেনে হুতিদের অবস্থানে হামলা জোরদার করার পর পাল্টা আক্রমণ বাড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। সাম্প্রতিক সংঘর্ষে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য এই নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের সঙ্গে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি বিমান হামলায় অংশ নেবে কি না, তা বিবেচনা করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নও উদ্বেগ প্রকাশ করেছে।
ব্রিটেন ইতোমধ্যে সৌদি আরবকে আকাশ প্রতিরক্ষা সহায়তা ও আকাশে জ্বালানি সরবরাহের জন্য আরএএফ ভয়েজার বিমান দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকার আশঙ্কা নেই। বিমান চলাচলে বিঘ্ন, তেল পরিবহনের অনিশ্চয়তা এবং জ্বালানির দাম বৃদ্ধির চাপ আন্তর্জাতিক বাজার ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়েও প্রভাব ফেলতে পারে।