ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

নসিব সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই হঠাৎ মারা গেলেন অভিনেতা সোহেল খান

নসিব সিনেমার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই  হঠাৎ মারা গেলেন  অভিনেতা সোহেল খান

ভয়েস অব পিপল রিপোর্ট, ২৪ নভেম্বর:

সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন অভিনেতা সোহেল খান। সকালে ঘুম থেকে উঠে যথারীতি শুটিংয়ের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন। পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। হোটেলের নিচে অপেক্ষা করছিল শুটিংয়ের গাড়ি। কিন্তু শুটিংয়ে আর যাওয়া হলো না। হোটেলকক্ষ থেকে বের হওয়ার মুহূর্তেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে আর বাঁচাতে পারেননি।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রায় এক দশক আগে, একবার লন্ডনে বেড়াতে এলে এ প্রতিবেদক  অভিনেতা সোহেল খানের একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার গ্রহন করেছিলেন। নসিব সিনেমার সুটিং এর আগেই সাদা শার্ট ও সাদা প্যান্ট পরিহিত অবস্থায় সদা হাসোজ্জল প্রাণবন্ত এ প্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যু নসিব হয়ে গেলো হঠাৎ করে। আমরা ‘ভয়েস অব পিপল’ এর পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। 

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬০ বছর। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

অভিনেতা সোহেল খান

মৃত্যুর আগমুহূর্তে কী ঘটেছিল?

সোহেল খানের মৃত্যুর আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিবরণ দিয়েছেন একই সিনেমার শুটিংয়ে থাকা অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

মঙ্গলবার অভিনেতা জয় জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য তাঁরা বগুড়ার হোটেল মম ইনে অবস্থান করছিলেন। সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সবাই। সোহেল খানও তৈরি হয়েছিলেন। এ সময় হোটেলের কক্ষ থেকে বের হওয়ার মুহূর্তে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

জয়ের বর্ণনা অনুযায়ী, সোহেলের মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। কিছুক্ষণ আগে সকালের নাশতায় ড্রাগন ফল খাওয়ায় প্রথমে কেউ কেউ সেটির প্রতিক্রিয়া হতে পারে বলে ধারণা করেছিলেন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে ড্রাগন ফল খাওয়ার সঙ্গে তাঁর মৃত্যুর কোনো চিকিৎসাবৈজ্ঞানিক সম্পর্ক পাওয়া যায়নি। এটি ছিল ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের প্রাথমিক অনুমানমাত্র। মৃত্যুসনদে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

‘নসিব’ সিনেমার শুটিংয়ে বগুড়ায়

পরিচালক মোহাম্মদ ইকবালের ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার (২৫ নভেম্বর) তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল।

শুটিং ইউনিটের সদস্যদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুত হয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে গিয়ে হোটেলের কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি।

তাঁর মৃত্যুর পর সহশিল্পী ও নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। 

বিজ্ঞাপনচিত্র থেকে অভিনয়ের জগতে

প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সোহেল খানের পর্দায় যাত্রা শুরু। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখান থেকেই ধীরে ধীরে টেলিভিশন নাটকে নিয়মিত হয়ে ওঠেন তিনি।

একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত আলোচিত টেলিভিশন কাজের মধ্যে রয়েছে ‘৪২০’সহ বিভিন্ন জনপ্রিয় নাটক।

অভিনয়জীবনে মোস্তফা সরয়ার ফারুকীর অবদানের কথা সোহেল খান বিভিন্ন সময়ে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ফারুকী তাঁকে বিচিত্র ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন। অভিনয়ের প্রয়োজনে চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে নির্মাতার কঠোরতাও ছিল। বয়সে ছোট হয়েও অভিনয়ের প্রয়োজনে ফারুকীর কাছ থেকে বকুনি, এমনকি মারও খেতে হয়েছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সোহেল। তবে সেসব অভিজ্ঞতা নিয়ে তাঁর কোনো আক্ষেপ ছিল না।

চলচ্চিত্রেও রেখেছেন স্বতন্ত্র পরিচয়

টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায়ও নিজের জায়গা তৈরি করেছিলেন সোহেল খান। দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। কখনো কৌতুক অভিনেতা, কখনো পার্শ্বচরিত্র, আবার কখনো গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘বউয়ের জ্বালা’, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘কেমনে কী!’ ও ‘শান’।

এসব সিনেমায় ছোট-বড় নানা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি।

‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে তাঁর অভিনয় উল্লেখযোগ্য।

২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমাতেও অভিনয় করেছেন সোহেল খান। সেখানে গ্যারেজের মালিকের চরিত্রে দেখা যায় তাঁকে। সিনেমাটিতে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছিলেন তিনি। নিজের চরিত্রে যথাসাধ্য ভালো করার চেষ্টা করেছেন বলে জানিয়েছিলেন অভিনেতা।

পর্দার পরিচিত মুখটির চির বিদায়

বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রে এমন অনেক অভিনয়শিল্পী রয়েছেন, যাঁরা প্রধান চরিত্রে না থেকেও নিজেদের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন। সোহেল খান ছিলেন তাঁদেরই একজন। কৌতুক, নেতিবাচক কিংবা সাধারণ মানুষের চরিত্র—বিভিন্ন ভূমিকায় স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে তিনি নিজের পরিচিতি তৈরি করেছিলেন।

কোনো বড় প্রচারণা ছাড়াই দীর্ঘদিন ধরে অভিনয় করে গেছেন। নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে জীবনের শেষ সকালটি কাটল তাঁর বগুড়ায়। যে শুটিংয়ের জন্য সাদা পোশাকে প্রস্তুত হয়েছিলেন, সেই শুটিং আর করা হলো না।

তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মীরা হারালেন একজন পরিচিত অভিনয়শিল্পী, আর দর্শক হারালেন পর্দার একজন চেনা মুখ।