প্রায় ১০ লাখ শিশু চরম দারিদ্র্যে, সবচেয়ে বেশি চাপ পূর্ব লন্ডনের নিউহ্যামে
ব্রিটেনে দারিদ্র্যের ভয়াবহ চিত্র: খাবার ও ঘরের উষ্ণতা থেকেও বঞ্চিত ৩৮ লাখ মানুষ
ভয়েস অব পিপল রিপোর্ট, ২৪ নভেম্বর :
ব্রিটেনে প্রায় ৩৮ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছেন। তাঁদের মধ্যে প্রায় ১০ লাখ শিশু। খাবার, পোশাক, ঘরের উষ্ণতা, বিদ্যুৎ ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার মতো মৌলিক প্রয়োজন মেটাতেও হিমশিম খাচ্ছেন এসব মানুষ। নতুন এক গবেষণায় উঠে এসেছে দেশটির সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের উদ্বেগজনক চিত্র। সবচেয়ে বেশি চরম দারিদ্র্যের চাপ দেখা গেছে লন্ডনে। রাজধানীর পূর্বাঞ্চলীয় বরো নিউহ্যামে পরিস্থিতি আরও ভয়াবহ।
মঙ্গলবার প্রকাশিত ‘ডেস্টিটিউশন ইন দ্য ইউকে ২০২৬’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের অর্থায়নে হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান ভেরিয়ান যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্যের প্রায় ১৮ লাখ পরিবারে বসবাসকারী ৩৮ লাখ মানুষ কোনো না কোনো সময়ে চরম দারিদ্র্যের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় ১০ লাখ। গবেষণায় দেখা গেছে, ২০২২ সালে দারিদ্র্যের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, ২০২৫ সালেও তার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং ২০১৭ সালের তুলনায় চরম দারিদ্র্যের শিকার মানুষের সংখ্যা প্রায় আড়াই গুণ বেশি রয়ে গেছে।
গবেষণায় চরম দারিদ্র্য নির্ধারণের জন্য দুটি বিষয় বিবেচনা করা হয়েছে। প্রথমত, অর্থের অভাবে আগের এক মাসে ছয়টি মৌলিক প্রয়োজনের অন্তত দুটি পূরণ করতে না পারা। এসব প্রয়োজনের মধ্যে রয়েছে বাসস্থান, খাবার, ঘর গরম রাখার ব্যবস্থা, বিদ্যুৎ বা আলো, পোশাক ও জুতা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী। দ্বিতীয়ত, কোনো ব্যক্তির আয় এত কম হওয়া যে নিজের প্রয়োজনীয় মৌলিক উপকরণ কেনার সামর্থ্য তাঁর নেই।
গবেষণার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, চরম দারিদ্র্যের শিকার মানুষের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে এই পরিস্থিতির মধ্যে রয়েছেন। জরুরি সহায়তা সংস্থার ওপর তাঁদের নির্ভরশীলতা বাড়ছে। গবেষণায় অংশ নেওয়া চরম দারিদ্র্যের শিকার পরিবারগুলোর ৬১ শতাংশ জানিয়েছে, আগের মাসে নিয়মিত খাবার বাদ দিতে হয়েছে তাদের। প্রায় ২৪ শতাংশ উত্তরদাতার কোনো আয়ই ছিল না। অন্যদিকে, ৫৮ শতাংশের বাড়িভাড়া পরিশোধের পর সাপ্তাহিক আয় ছিল ৯০ পাউন্ডেরও কম।

লন্ডন ও নিউহ্যামে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক
দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় গ্রেটার লন্ডনে চরম দারিদ্র্যের হার সর্বোচ্চ। গবেষণায় তথ্য সংগ্রহের সপ্তাহে লন্ডনের প্রায় ২ শতাংশ পরিবার চরম দারিদ্র্যের মধ্যে ছিল। এই হার সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত অঞ্চল সাউথ ওয়েস্টের প্রায় দ্বিগুণ।
লন্ডনের নিউহ্যাম বরোতে পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে ৩ শতাংশের বেশি পরিবার চরম দারিদ্র্যের শিকার। যুক্তরাজ্যের স্থানীয় প্রশাসনিক এলাকাগুলোর মধ্যে নিউহ্যামে এই হার সর্বোচ্চ। সবচেয়ে কম দারিদ্র্যপ্রবণ এলাকা রিবল ভ্যালির তুলনায় নিউহ্যামের হার ছয় গুণেরও বেশি।
পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর জন্য এই তথ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ নিউহ্যামসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক বাংলাদেশি পরিবারের বসবাস। তবে গবেষণায় বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে চরম দারিদ্র্যের আলাদা কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
প্রতিবন্ধী ও একক ব্যক্তিদের ঝুঁকি বেশি
গবেষণায় দেখা গেছে, চরম দারিদ্র্যের শিকার পরিবারগুলোর ৬১ শতাংশের প্রধান ব্যক্তির দীর্ঘমেয়াদি অসুস্থতা অথবা প্রতিবন্ধিতা রয়েছে। কর্মক্ষম বয়সী একক ব্যক্তিরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন। চরম দারিদ্র্যের শিকার পরিবারগুলোর ৫৩ শতাংশই একক ব্যক্তির পরিবার।
প্রতিবেদনে সামাজিক নিরাপত্তা ভাতার সীমাবদ্ধতাকেও দারিদ্র্যের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে একক কর্মক্ষম বয়সী ব্যক্তিদের জন্য ইউনিভার্সাল ক্রেডিটের প্রচলিত ভাতা মৌলিক প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয় বলে গবেষকদের পর্যবেক্ষণ।
আরও উদ্বেগজনক তথ্য হলো, দৈনন্দিন জীবনযাত্রায় গুরুতরভাবে সীমাবদ্ধতা তৈরি করা অসুস্থতা বা প্রতিবন্ধিতা থাকা চরম দারিদ্র্যের শিকার উত্তরদাতাদের এক-তৃতীয়াংশের বেশি কোনো প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না।

অভিবাসীদের মধ্যে দারিদ্র্যের ঝুঁকি বাড়ছে
গবেষণায় অভিবাসীদের পরিস্থিতিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ২০১৯ সালে চরম দারিদ্র্যের শিকার জনগোষ্ঠীর মধ্যে যুক্তরাজ্যের বাইরে জন্ম নেওয়া মানুষের অনুপাত ছিল ২৫ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে ৩২ শতাংশে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের একটি অংশ কাজ করার অধিকার, সরকারি সহায়তা পাওয়ার যোগ্যতা এবং আবাসনসংকটের কারণে আর্থিক বিপর্যয়ের মুখে পড়ছেন। বিশেষ করে যাঁদের সরকারি সহায়তা পাওয়ার অধিকার নেই, তাঁদের জন্য পরিস্থিতি আরও কঠিন।
গবেষণায় অংশ নেওয়া অভিবাসীদের মধ্যে প্রায় অর্ধেকই গৃহহীন অথবা অনিরাপদ ও অনিশ্চিত আবাসনে বসবাস করছিলেন। আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রেও কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং সরকারি সহায়তার অপর্যাপ্ততা দারিদ্র্যের ঝুঁকি বাড়াচ্ছে।
সরকারের বক্তব্য ও গবেষকদের উদ্বেগ
জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের গ্রুপ প্রধান নির্বাহী জুলিয়ান হার্টলি বলেছেন, বিপুলসংখ্যক মানুষ জীবনের সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ থেকে বঞ্চিত হচ্ছেন। খাবার, আশ্রয়, পরিচ্ছন্নতার সামগ্রী ও পোশাকের মতো মৌলিক প্রয়োজন পূরণ করতে না পারার পরিস্থিতি উদ্বেগজনক। কার্যকর পদক্ষেপ না নিলে লাখ লাখ মানুষের জীবনে চরম দারিদ্র্য স্বাভাবিক বাস্তবতায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, সরকারের একজন মুখপাত্র বলেছেন, আগের বছরগুলোর তুলনায় পরিবারের প্রকৃত আয় বেড়েছে এবং ফুড ব্যাংকের ওপর নির্ভরশীলতা কমেছে। সরকারের দুই সন্তানসংক্রান্ত ভাতা-সীমা তুলে দেওয়ার সিদ্ধান্তের ফলে বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে প্রায় ৪ লাখ ৫০ হাজার শিশু দারিদ্র্য থেকে বেরিয়ে আসবে বলেও দাবি করেছে সরকার।
তবে গবেষকদের মতে, বিদ্যমান সামাজিক নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও বিপুলসংখ্যক মানুষ মৌলিক চাহিদা পূরণ করতে পারছেন না। বিশেষ করে একক কর্মক্ষম বয়সী মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি এবং অভিবাসীদের জন্য আর্থিক সহায়তা ও জরুরি সামাজিক সুরক্ষা আরও জোরদার করা প্রয়োজন।
কীভাবে পরিচালিত হয়েছে গবেষণা
গবেষণাটি যুক্তরাজ্যের ১৮টি এলাকায় পরিচালিত হয়। ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ১২০টি জরুরি সহায়তা কেন্দ্রে আসা ৪ হাজার ৮৮৪ জনের ওপর জরিপ চালানো হয়। পাশাপাশি ২০২৬ সালের বসন্তে চরম দারিদ্র্যের শিকার ৩১ জন অভিবাসীর সাক্ষাৎকার নেওয়া হয়। ৪০টির বেশি পরিমাণগত তথ্যভান্ডারের বিশ্লেষণের মাধ্যমে গবেষকরা জাতীয় পর্যায়ের চিত্র তৈরি করেছেন।
গবেষকদের মতে, চরম দারিদ্র্য এখন আর বিচ্ছিন্ন কোনো সামাজিক সমস্যা নয়। এটি যুক্তরাজ্যের লাখ লাখ মানুষের দীর্ঘস্থায়ী বাস্তবতায় পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করেছে। তাই শুধু জরুরি খাদ্যসহায়তা নয়, মানুষের আয়, আবাসন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাব্যবস্থার মৌলিক দুর্বলতা দূর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।