তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

ব্রিটিশ বিমানঘাঁটিতে সন্দেহজনক ড্রোন, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ মার্কিন সেনাদের

ব্রিটিশ বিমানঘাঁটিতে সন্দেহজনক ড্রোন, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ মার্কিন সেনাদের

ভয়েস অব পিপল রিপোর্ট, ১৪ নভেম্বর :

যুক্তরাজ্যের সাফোক কাউন্টিতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি আরএএফ ল্যাকেনহিথের আকাশে সন্দেহজনক ড্রোনের তৎপরতা ঘিরে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার রাতে সেখানে অবস্থানরত মার্কিন সামরিক সদস্যদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানায় মার্কিন বিমানবাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, ঘাঁটির সদস্যদের কাছে পাঠানো জরুরি সতর্কবার্তায় ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ বাইরে না গিয়ে নিকটবর্তী নিরাপদ কক্ষে অবস্থান করতে বলা হয়। সতর্কবার্তায় নিকটতম নিরাপদ আশ্রয়কক্ষে যাওয়ার নির্দেশও ছিল।

মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, শুক্রবার সন্ধ্যায় বিমানঘাঁটির আকাশে সন্দেহজনক অননুমোদিত ড্রোন তৎপরতার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেয়। তবে এ ঘটনায় কোনো সামরিক সদস্য, বিমান কিংবা অবকাঠামোর ক্ষতি হয়নি।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) জানিয়েছে, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। মার্কিন বিমানবাহিনীর নিরাপত্তা সদস্যরা পরিস্থিতি মোকাবিলা করেছেন এবং তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ওয়েস্ট সাফোকের সংসদ সদস্য নিক টিমোথি জানিয়েছেন, তিনি ঘাঁটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই এবং ঘটনাটি ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। চলতি সপ্তাহে সাফোকের আরেকটি মার্কিন সামরিক ঘাঁটি আরএএফ মিলডেনহল থেকে এক ডজনের বেশি সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়। এর আগে আরএএফ ফেয়ারফোর্ড থেকেও মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। এসব ঘটনার সঙ্গে ইরান-সংশ্লিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে।

তবে ল্যাকেনহিথের সাম্প্রতিক ড্রোন তৎপরতার সঙ্গে কোনো রাষ্ট্র বা সংগঠনের সম্পৃক্ততার প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি। ড্রোনের পরিচয়, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা এর উদ্দেশ্য সম্পর্কেও কর্তৃপক্ষ নিশ্চিত কোনো তথ্য জানায়নি।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় আরএএফ ল্যাকেনহিথের নিরাপত্তা পরিস্থিতি শুধু যুক্তরাজ্য নয়, ন্যাটোর সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ।