হাঙ্গেরিতে বনের মাটির নিচে লুকানো ১৯.৫ মিলিয়ন ডলার উদ্ধার, দুর্নীতির তদন্তে সাবেক মন্ত্রী

হাঙ্গেরিতে বনের মাটির নিচে লুকানো ১৯.৫ মিলিয়ন ডলার উদ্ধার, দুর্নীতির তদন্তে সাবেক মন্ত্রী

ইউরোপ প্রতিনিধি, ১৪ নভেম্বর: 

হাঙ্গেরিতে বিভিন্ন বনাঞ্চলের মাটির নিচে, কৃষি খামার, গুদামবাড়ি ও নির্জন স্থাপনায় লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার সমমূল্যের নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির দুর্নীতিবিরোধী তদন্ত সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করতে গিয়ে এই বিপুল অর্থের সন্ধান পাওয়া যায়।

হাঙ্গেরির ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস (এনভিভিএইচ) জানায়, গত ১২ ও ১৩ নভেম্বর রাজধানী বুদাপেস্টসহ দেশটির তিনটি অঞ্চলে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বনাঞ্চলের মাটির নিচে পুঁতে রাখা অর্থ ছাড়াও কৃষি স্থাপনা, গুদাম, আবাসিক ভবন এবং নির্জন স্থানে রাখা মূল্যবান সিন্দুক থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অর্থের মধ্যে রয়েছে ৫০৭ কোটি ১৬ লাখ ৩২ হাজার হাঙ্গেরীয় ফরিন্ট, ২৬ লাখ ৫৮ হাজার ৩৫০ ইউরো এবং ১২ লাখ ৫৭ হাজার ১০০ মার্কিন ডলার। সব মিলিয়ে এর মূল্য প্রায় ১ কোটি ৯৫ লাখ ডলার। উদ্ধার করা অর্থ ইতোমধ্যে দেশটির রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

হাঙ্গেরির অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান জানান, উদ্ধার করা অর্থ গণনা করতে রাষ্ট্রীয় কোষাগারের ১২ জন কর্মীর পাঁচটি টাকা গণনার যন্ত্র ব্যবহার করে টানা আট ঘণ্টা সময় লেগেছে।

তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক জাতীয় উন্নয়নমন্ত্রী মিকলোস সেস্তাক। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভিক্টর অরবানের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। অভিযোগ, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে রাষ্ট্রীয় পরিবহন প্রতিষ্ঠান ভোলানবাসের জন্য ব্যবহৃত বাস কেনাকাটায় অতিরিক্ত মূল্য দেখানো এবং সরকারি নির্মাণ প্রকল্পের চুক্তি ঘিরে তিনি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ১১০০ কোটি ফরিন্টের বেশি অবৈধ অর্থ গ্রহণ করেছেন।

তদন্তকারীদের ধারণা, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ ও কমিশন হিসেবে এই অর্থ নেওয়া হয়েছিল। তবে সেস্তাক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইনজীবীর দাবি, উদ্ধার করা অর্থ তাঁর মক্কেলের নয় এবং এই মামলায় আরও কয়েকজন সন্দেহভাজন রয়েছেন।

গত এপ্রিলের নির্বাচনে ভিক্টর অরবানের টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন পেতের মাগিয়ার। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি পূর্ববর্তী সরকারের আমলের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগ তদন্তে বিশেষ উদ্যোগ নেন। তাঁর সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবেই নতুন তদন্ত সংস্থাটি গড়ে তোলা হয়েছে।

উদ্ধার হওয়া অর্থের ঘটনাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী মাগিয়ার বলেছেন, এটি অরবানের সাবেক ক্ষমতাসীন জোট ফিদেজ-কেডিএনপির দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানে একটি বড় ঘটনা।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী অরবান তাঁর ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে চলমান তদন্তকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে অভিহিত করেছেন। তাঁর দাবি, এসব তদন্তের উদ্দেশ্য রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করা।

হাঙ্গেরিতে সাবেক সরকারের একাধিক মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুর্নীতির তদন্ত চলছে। ফলে নতুন করে প্রায় ২ কোটি ডলারের নগদ অর্থ উদ্ধারের ঘটনা দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।