তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
ব্রিটেনে তরুণদের জন্য ২ লাখের বেশি চাকরির লক্ষ্য, ছয় মাসের বেতনসহ সরকারি কর্মসূচিও চালু
লন্ডন, ১৫ নভেম্বর ২০২৬ : দীর্ঘদিন ধরে বেকার থাকা তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। সরকারি অর্থায়নে ছয় মাসের বেতনসহ চাকরি, খুচরা বিক্রয় ও হোটেল-রেস্তোরাঁ খাতে এক লাখ করে চাকরির লক্ষ্য এবং বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার খাতে দুই হাজার নতুন পদ সৃষ্টির ঘোষণা এসেছে। এসব উদ্যোগের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান, প্রশিক্ষণ ও কাজের অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ব্রিটিশ সরকারের কর্ম ও পেনশন বিভাগ (DWP) জানিয়েছে, দীর্ঘদিন বেকার থাকা ১৮ থেকে ২৪ বছর বয়সীদের জন্য ‘জবস গ্যারান্টি’ কর্মসূচি নভেম্বরের শেষ দিক থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সর্বত্র সম্প্রসারণ করা হচ্ছে।

ছয় মাসের বেতনসহ সরকারি চাকরি
এই কর্মসূচির আওতায় বর্তমানে অন্তত ১৮ মাস ধরে ইউনিভার্সাল ক্রেডিট গ্রহণ করছেন এবং কাজ খুঁজছেন—এমন ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীরা ছয় মাসের বেতনসহ চাকরির সুযোগ পাবেন। সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজের জন্য সরকার সম্পূর্ণ কর্মসংস্থান ব্যয় বহন করবে। বেতন দেওয়া হবে সংশ্লিষ্ট বয়সের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি অনুযায়ী।
২০২৭ সালের এপ্রিল থেকে যোগ্যতার ক্ষেত্রে বেকারত্বের সময়সীমা ১৮ মাস থেকে কমিয়ে ১২ মাস করার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য, ২০২৯ সালের মার্চের মধ্যে এই কর্মসূচির মাধ্যমে ৯০ হাজারের বেশি তরুণকে চাকরির সুযোগ দেওয়া।
হোটেল-রেস্তোরাঁ খাতে এক লাখ চাকরি
গত ১৫ অক্টোবর ব্রিটেনের বড় হোটেল, রেস্তোরাঁ ও বিনোদন প্রতিষ্ঠানগুলো সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তিন বছরে এক লাখ তরুণকে বেতনভিত্তিক চাকরি দেওয়ার অঙ্গীকার করেছে।
এই উদ্যোগে যুক্ত হয়েছে ম্যাকডোনাল্ডস, নান্দোস, ম্যারিয়ট, বার্গার কিং, ওয়াগামামা, প্রিমিয়ার ইন, সোডেক্সো, হ্যাভেন, ফুলার্স, স্টোনগেট গ্রুপসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান। চাকরির পাশাপাশি কাজের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সুযোগও থাকবে।
খুচরা বিক্রয় খাতে আরও এক লাখ চাকরির লক্ষ্য
গত ৮ সেপ্টেম্বর ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম ও সরকারের উদ্যোগে খুচরা বিক্রয় খাতে তরুণদের জন্য এক লাখ চাকরি সৃষ্টির লক্ষ্য ঘোষণা করা হয়। জন লুইস, টেসকো, ওয়েটরোজ, কারিস, কস্তা কফি, লিডল, বুটস, প্রাইমার্কসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই উদ্যোগের সঙ্গে যুক্ত।
এ ছাড়া ‘ওপেনিং শিফট’ নামে একটি কর্মসূচিতে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের জন্য দুই থেকে চার সপ্তাহের কাজের অভিজ্ঞতার সুযোগ রাখা হয়েছে। সপ্তাহে ১৬ থেকে ৩৫ ঘণ্টা পর্যন্ত এসব প্লেসমেন্টে অংশ নেওয়া যাবে। এ কর্মসূচিতে ১১ হাজারের বেশি কাজের অভিজ্ঞতার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। যোগ্যতা ও প্রতিষ্ঠানে শূন্যপদ থাকলে পরবর্তী সময়ে স্থায়ী চাকরি বা শিক্ষানবিশির সুযোগও মিলতে পারে।
বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব জ্বালানি খাতে দুই হাজার চাকরি
১৩ নভেম্বর সরকারি ঘোষণায় বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিফা (Biffa) তরুণদের জন্য দুই হাজার পর্যন্ত নতুন চাকরির সুযোগ তৈরির পরিকল্পনা জানিয়েছে। এসব পদে বর্জ্য পুনর্ব্যবহার, পরিবেশবান্ধব জ্বালানি, টেকসই উন্নয়ন এবং বিশেষায়িত কারিগরি কাজ অন্তর্ভুক্ত থাকবে। নতুন কর্মীদের জন্য প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে অভিজ্ঞ পরামর্শকের সহায়তাও থাকবে।
সরকারের বৃহত্তর কর্মসংস্থান পরিকল্পনা
ব্রিটিশ সরকার জানিয়েছে, তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে আগামী তিন বছরে ২৫০ কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রায় ১০ লাখ তরুণকে কাজ, প্রশিক্ষণ অথবা শিক্ষার সুযোগ দেওয়ার বৃহত্তর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ৫০ হাজার অতিরিক্ত শিক্ষানবিশির সুযোগ, ৩ লাখ কাজের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ প্লেসমেন্ট এবং ৩৬০টির বেশি এলাকায় ইয়ুথ হাব সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। যোগ্য তরুণদের নিয়োগ দিলে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে তিন হাজার পাউন্ড পর্যন্ত প্রণোদনা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
সব কর্মসূচির যোগ্যতা এক নয়। ছয় মাসের সরকারি বেতনসহ চাকরির জন্য নির্দিষ্ট বয়স ও ইউনিভার্সাল ক্রেডিট গ্রহণের শর্ত রয়েছে। অন্যদিকে খুচরা বিক্রয় ও হসপিটালিটি খাতের উদ্যোগগুলো মূলত ১৮ থেকে ২৪ বছর বয়সী শিক্ষা, চাকরি ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণদের লক্ষ্য করে নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব নিয়োগের শর্তও প্রযোজ্য হবে।
আগ্রহীদের প্রথমে স্থানীয় জবসেন্টারে যোগাযোগ করে যোগ্যতা ও কর্মসূচি সম্পর্কে জানতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নিয়োগ বিজ্ঞপ্তিও অনুসরণ করতে হবে।
সরকারের এই উদ্যোগে ব্রিটেনে দীর্ঘদিন ধরে বেকার থাকা তরুণদের পাশাপাশি কর্মজীবন শুরু করতে আগ্রহী নতুন প্রজন্মের জন্যও নতুন সুযোগ তৈরি হতে পারে।