ভুল করলেই ২০০% পর্যন্ত জরিমানা! করদাতাদের সতর্ক করতে চিঠি পাঠাবে HMRC

ভুল করলেই ২০০% পর্যন্ত জরিমানা! করদাতাদের সতর্ক করতে চিঠি পাঠাবে HMRC

ভয়েস অব পিপল রিপোর্ট, ২৫ জুলাই: 

যুক্তরাজ্যের লাখ লাখ করদাতার জন্য নতুন সতর্কবার্তা। ট্যাক্স সংক্রান্ত কোনো ভুল ধরা পড়লে তা সংশোধনের দায়িত্ব এবার আরও বেশি করে করদাতাদের ওপর বর্তাতে যাচ্ছে। এ বিষয়ে ব্রিটিশ পরিবারের কাছে সতর্কতামূলক চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে HM Revenue and Customs (HMRC)

নতুন প্রস্তাবিত আইনে করদাতাদের নিজেদের ট্যাক্স হিসাব যাচাই করে ভুল থাকলে তা সংশোধন করতে হবে। অন্যথায় বড় ধরনের জরিমানার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে কিছু ক্ষেত্রে জরিমানা সর্বোচ্চ ২০০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এই পরিবর্তনটি Finance Bill 2026/27-এর অংশ হিসেবে আনা হচ্ছে। প্রস্তাবিত আইন অনুযায়ী, HMRC নতুন ক্ষমতা পাবে—যার মাধ্যমে তারা কোনো করদাতাকে তার ট্যাক্স অবস্থান পুনরায় যাচাই করতে বলতে পারবে। করদাতাকে হয় ভুল সংশোধন করতে হবে, অথবা কেন সংশোধনের প্রয়োজন নেই তার ব্যাখ্যা দিতে হবে।

বর্তমান নিয়মে কোনো ভুলকে সাধারণত ইচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করা হয় তখনই, যখন কেউ জেনেশুনে এমন কোনো নথি জমা দেন যেখানে ভুল তথ্য রয়েছে। তবে নতুন ব্যবস্থায় করদাতাদের দায়িত্ব আরও বাড়ানো হচ্ছে।

ট্যাক্স বিশেষজ্ঞদের সংগঠন Step.org জানিয়েছে, নতুন ব্যবস্থাটি ২০১৭ সালের Requirement to Correct (RTC) নিয়মের সঙ্গে অনেকটা মিল রয়েছে। ওই নিয়মে বিদেশে গোপন রাখা কর সংক্রান্ত দায় সংশোধনের জন্য করদাতাদের বাধ্য করা হয়েছিল এবং কিছু ক্ষেত্রে জরিমানা ২০০ শতাংশ পর্যন্ত হতে পারে।

নতুন আইনটি বর্তমানে পরামর্শ প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে মতামত নেওয়া হবে।

বিশেষজ্ঞরা বলছেন, যারা নিজে ট্যাক্স রিটার্ন জমা দেন, ছোট ব্যবসা পরিচালনা করেন বা একাধিক আয়ের উৎস রয়েছে—তাদের এখন থেকে নিজেদের হিসাব আরও সতর্কভাবে পরীক্ষা করা প্রয়োজন।

HMRC-এর এই উদ্যোগকে সরকার কর ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখলেও অনেক করদাতার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, অনিচ্ছাকৃত ছোট ভুলও ভবিষ্যতে বড় আর্থিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে।