ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

এনএইচএসের ৩৩০ মিলিয়ন পাউন্ডের চুক্তি বাড়াতে যাচ্ছে সরকার, বিকল্পও খুঁজছে

এনএইচএসের ৩৩০ মিলিয়ন পাউন্ডের চুক্তি বাড়াতে যাচ্ছে সরকার, বিকল্পও খুঁজছে

ভয়েস অব পিপল রিপোর্ট, ৭ নভেম্বর : যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের তথ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টিরের সঙ্গে ৩৩০ মিলিয়ন পাউন্ডের চুক্তি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির বিকল্প খুঁজতে নতুন দরপত্রের প্রস্তুতিও চলছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এনএইচএসের রোগীদের তথ্য ব্যবস্থাপনা, হাসপাতালের শয্যা ও চিকিৎসাসেবা সমন্বয় এবং অস্ত্রোপচারের সময়সূচি পরিচালনায় প্যালান্টিরের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

চুক্তি বাতিল করে দ্রুত অন্য প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব হস্তান্তর করলে স্বাস্থ্যসেবায় বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে সরকারি পর্যালোচনায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

তবে একটি মার্কিন প্রতিষ্ঠানের হাতে দেশের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যতথ্য ব্যবস্থাপনার দায়িত্ব থাকা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে রোগীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং প্রযুক্তিগত নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সরকার ভবিষ্যতে ব্রিটিশ প্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে নিজস্ব সক্ষমতা বাড়াতে চায়। প্রায় দুই বছরের মধ্যে নতুন দরপত্রের মাধ্যমে বিকল্প প্রতিষ্ঠান নির্বাচনের পরিকল্পনা রয়েছে। তবে প্যালান্টিরও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।