‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’

জানুয়ারি থেকে ব্রিটেনে বিদ্যুৎ-গ্যাসের বিল বাড়ছে ২৬ শতাংশ

জানুয়ারি থেকে ব্রিটেনে বিদ্যুৎ-গ্যাসের বিল বাড়ছে ২৬ শতাংশ

ভয়েস অব পিপল রিপোর্ট, ২৮ নভেম্বর :

নতুন বছরের শুরুতেই বাড়তি জ্বালানি ব্যয়ের চাপ পড়তে যাচ্ছে যুক্তরাজ্যের লাখ লাখ পরিবারের ওপর। আগামী ১ জানুয়ারি থেকে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যসীমা (Energy Price Cap) ২৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা Ofgem। এর ফলে সাধারণ একটি পরিবারের বার্ষিক জ্বালানি ব্যয়ের হিসাব ১ হাজার ৭২৩ পাউন্ড থেকে বেড়ে ২ হাজার ১৬৬ পাউন্ডে দাঁড়াবে।

Ofgem-এর ২৫ নভেম্বর প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, নতুন মূল্যসীমা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। সাধারণ ব্যবহারের হিসাবে বিদ্যুৎ ও গ্যাসের জন্য একটি পরিবারকে বছরে অতিরিক্ত ৪৪৩ পাউন্ড গুনতে হতে পারে। মাসিক হিসাবে এই বৃদ্ধি প্রায় ৩৭ পাউন্ড। তবে প্রকৃত ব্যয় নির্ভর করবে পরিবারের জ্বালানি ব্যবহারের পরিমাণের ওপর।

এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ আন্তর্জাতিক বাজারে গ্যাসের পাইকারি মূল্য বৃদ্ধি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং ইউরোপের গ্যাস মজুত কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে ব্রিটেনের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থায়।

Ofgem-এর হিসাব অনুযায়ী, নতুন মূল্যসীমার আওতায় প্রায় ২ কোটি পরিবার পড়বে, যারা পরিবর্তনশীল মূল্যভিত্তিক জ্বালানি চুক্তিতে রয়েছেন। তবে নির্দিষ্ট মেয়াদের ফিক্সড ট্যারিফে থাকা প্রায় এক কোটি গ্রাহক তাঁদের চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব থেকে মুক্ত থাকবেন।

পরিস্থিতি সামাল দিতে সরকার জানুয়ারি থেকে ইংল্যান্ডের Council Tax Band A-D-এর আওতাভুক্ত পরিবারগুলোকে ১০০ পাউন্ড করে জ্বালানি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। স্কটল্যান্ড ও ওয়েলসেও সমপরিমাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া শীতকালীন বিশেষ সহায়তা Warm Home Discount-এর আওতায় যোগ্য প্রায় ৬০ লাখ পরিবার ১৫০ পাউন্ড করে ছাড় পাবে।

তবে ভোক্তা অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, সরকারি সহায়তা সত্ত্বেও নিম্ন আয়ের পরিবারগুলোর জ্বালানি ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। বিশেষ করে বয়স্ক মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি, একক অভিভাবক এবং আগে থেকেই ঋণগ্রস্ত পরিবারগুলো বেশি চাপে পড়তে পারে।

জ্বালানির এই মূল্যবৃদ্ধি এমন সময়ে কার্যকর হচ্ছে, যখন শীতের কারণে ঘর গরম রাখার প্রয়োজন সবচেয়ে বেশি। ফলে নতুন বছরের শুরুতে ব্রিটেনের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয়ে আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।