ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
যুক্তরাজ্যে NHS-এর তথ্য ব্যবস্থাপনায় আস্থার সংকট, প্রশ্নের মুখে রোগীর গোপনীয়তা
ভয়েস অব পিপল রিপোর্ট, ২৮ নভেম্বর:
চিকিৎসকের কাছে মানুষ শুধু রোগের কথা বলেন না, অনেক সময় জীবনের সবচেয়ে ব্যক্তিগত ও সংবেদনশীল অভিজ্ঞতাও তুলে ধরেন। বিশেষ করে মানসিক স্বাস্থ্য চিকিৎসায় রোগীর ব্যক্তিগত ইতিহাস, পারিবারিক সমস্যা, সম্পর্ক, উদ্বেগ ও মানসিক অবস্থার বিবরণ চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এসব তথ্য কতটা নিরাপদ? যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা NHS-এর ডিজিটাল রোগী তথ্য ব্যবস্থাপনা নিয়ে সাম্প্রতিক দুটি প্রতিবেদন নতুন করে এই প্রশ্ন সামনে এনেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম The Guardian-এর ২৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, NHS-এর সমন্বিত চিকিৎসা নথিতে মানসিক স্বাস্থ্য রোগীদের অত্যন্ত ব্যক্তিগত তথ্য অন্য স্বাস্থ্যকর্মীদের কাছেও দৃশ্যমান হওয়ার আশঙ্কায় কয়েকজন রোগী চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করেছেন। কারও কারও ক্ষেত্রে চিকিৎসা বন্ধ করার ঘটনাও সামনে এসেছে।
বিতর্কের কেন্দ্রে রয়েছে রোগীর চিকিৎসা-সংক্রান্ত তথ্য বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে আদান-প্রদানের ব্যবস্থা। চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ হলেও রোগীর অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য কতজন দেখতে পারবেন, তা নিয়ে উদ্বেগ রয়েছে।
এর আগে The Guardian-এর আরেক প্রতিবেদনে জানানো হয়, ইংল্যান্ডে পাঁচ বছরে NHS কর্মীদের রোগীর মেডিকেল রেকর্ড অননুমোদিতভাবে দেখার ৩ হাজার ২৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। ঘটনাগুলো রোগীর তথ্য ব্যবস্থাপনায় প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।
লন্ডনের সমন্বিত স্বাস্থ্যতথ্য ব্যবস্থা London Care Record নিয়েও আলোচনা তৈরি হয়েছে। এই ব্যবস্থায় বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মীর প্রবেশাধিকার থাকলেও প্রত্যেকের দায়িত্ব ও চিকিৎসাসংক্রান্ত প্রয়োজন অনুযায়ী তথ্য দেখার সীমা কতটা কার্যকরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, তা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তবে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। চিকিৎসার প্রয়োজনে একজন চিকিৎসক বা অনুমোদিত স্বাস্থ্যকর্মীর অন্য প্রতিষ্ঠানের চিকিৎসা নথি দেখা এবং কৌতূহলবশত বা ব্যক্তিগত কারণে রোগীর তথ্য দেখা এক বিষয় নয়। প্রথমটি চিকিৎসার স্বার্থে বৈধ হতে পারে, দ্বিতীয়টি গোপনীয়তা লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।
এদিকে যুক্তরাজ্যে স্বাস্থ্যসেবার ডিজিটাল রেকর্ড আরও সমন্বিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে National Single Patient Record চালুর উদ্যোগের ফলে রোগীর চিকিৎসার ইতিহাস এক জায়গায় পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এতে চিকিৎসাসেবা সহজ হওয়ার সম্ভাবনা থাকলেও তথ্যের নিরাপত্তা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং রোগীর আস্থা নিশ্চিত করা জরুরি।
বিশেষজ্ঞদের বিবেচনায়, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার সাফল্য শুধু কত দ্রুত চিকিৎসার তথ্য পাওয়া যাচ্ছে তার ওপর নির্ভর করে না; রোগীর ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ থাকছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
কারণ, চিকিৎসকের কাছে নিজের সবচেয়ে ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে গিয়ে যদি রোগীকে ভাবতে হয়, সেই তথ্য আর কে কে দেখতে পারবেন, তাহলে চিকিৎসার প্রতি আস্থাই ক্ষতিগ্রস্ত হতে পারে।