কমিউনিটি ডেস্ক

টাওয়ার হ্যামলেটসে মেয়রের বড় ঘোষণা, বাড়ছে স্কুল অনুদান–ট্যাক্স ছাড়–শিক্ষা সুবিধা

টাওয়ার হ্যামলেটসে মেয়রের বড় ঘোষণা, বাড়ছে স্কুল অনুদান–ট্যাক্স ছাড়–শিক্ষা সুবিধা

কমিউনিটি ডেস্ক, ৫ সেপ্টেম্বর:

জীবনযাত্রার ব্যয়ের চাপ এখন শুধু নিম্নআয়ের পরিবারে সীমাবদ্ধ নেই। সংসারের আয় তুলনামূলক বেশি হলেও বাড়িভাড়া, কাউন্সিল ট্যাক্স, সন্তানদের স্কুলের খরচ, যাতায়াত ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে অনেক পরিবার। এই বাস্তবতায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্থানীয় সহায়তার দরজা আরও বিস্তৃত করেছে।

পরিবারের বার্ষিক আয় £৫০,৩৫০ থেকে বাড়িয়ে £৬০,০০০ করা হয়েছে। ফলে আগে আয়সীমার সামান্য ওপরে থাকার কারণে যেসব পরিবার বিভিন্ন সহায়তা থেকে বাদ পড়ত, তাদের একটি বড় অংশ এখন নতুন করে সুবিধার আওতায় আসতে পারে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান কাউন্সিলের এক মিডিয়া ব্রিফিংয়ে এই পরিবর্তনের কথা জানান। তাঁর ভাষায়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সময়ে পরিবারগুলোর ওপর থেকে চাপ কমানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

নতুন আয়সীমার সবচেয়ে সরাসরি প্রভাব পড়বে স্কুলপড়ুয়া শিশুদের পরিবারে। School Clothing Grant-এর আওতায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা পাবে £৫০, আর মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অনুদান £১৫০। সেপ্টেম্বর ২০২৬ থেকে নির্দিষ্ট অতিরিক্ত শ্রেণির শিক্ষার্থীরাও এ সুবিধা পাবে। এ অনুদানের জন্য আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।

কাউন্সিলের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে তিন হাজারের বেশি শিক্ষার্থী শিক্ষা সহায়তা পেয়েছে। নতুন আয়সীমা কার্যকর হওয়ার পর ২০২৬-২৭ অর্থবছরে এ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৬,৮৯২ জনে পৌঁছাতে পারে। শুধু এ খাতেই প্রায় £৩ মিলিয়ন বরাদ্দ রয়েছে।

বিশ্ববিদ্যালয়েও নতুন সুবিধা

উচ্চশিক্ষায় যাওয়া শিক্ষার্থীদের জন্যও আসছে নতুন সহায়তা। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ফ্রি ট্রাভেল পাস এবং যোগ্য শিক্ষার্থীদের ফ্রি ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা জানিয়েছে কাউন্সিল। নতুন মায়েদের জন্য চালু হচ্ছে Maternity Grant-ও।

শিক্ষা সহায়তায় ইতোমধ্যে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে কাউন্সিল। ২০২২ সালে কর্মসূচি পুনরায় চালুর পর ৩,৯৯৮ জন শিক্ষার্থী £৬০০ করে Education Maintenance Allowance (EMA) পেয়েছে। আরও ২,৪০০ শিক্ষার্থী পেয়েছে বিশ্ববিদ্যালয় বার্সারি। সব মিলিয়ে এ দুই কর্মসূচিতে সহায়তার পরিমাণ £৫.৭ মিলিয়নের বেশি

কাউন্সিল ট্যাক্সেও বড় ছাড়

আর্থিক চাপ কমানোর আরেকটি বড় ক্ষেত্র কাউন্সিল ট্যাক্স। Council Tax Reduction Scheme-এর আওতায় যোগ্য বাসিন্দারা পরিস্থিতি অনুযায়ী ১০০ শতাংশ পর্যন্ত কাউন্সিল ট্যাক্স ছাড় পেতে পারেন।

২০২৫-২৬ অর্থবছরে ২০,৫১২ জন কর্মক্ষম বয়সী বাসিন্দা এবং ৭,৫৩৭ জন পেনশনভোগী এই সুবিধা পেয়েছেন। এতে সুবিধাভোগীদের মোট সাশ্রয় হয়েছে প্রায় £৩৪.৬ মিলিয়ন

এদিকে Universal Free School Meals কর্মসূচির আওতায় বারার প্রায় ৩৮ হাজার শিশু প্রতিবছর বিনামূল্যে খাবার পাচ্ছে। কাউন্সিলের হিসাবে, এতে পরিবারপ্রতি শিশুর পেছনে বছরে গড়ে প্রায় £৫৫০ সাশ্রয় হচ্ছে।

শুধু শিক্ষা বা খাদ্য নয়, তরুণদের উন্নয়ন এবং খাদ্য সহায়তাতেও বিনিয়োগ বাড়িয়েছে কাউন্সিল। ‘Young Tower Hamlets’ কর্মসূচিতে ২০২৩ সালের পর থেকে প্রায় £১৩.৭ মিলিয়ন বিনিয়োগ হয়েছে। Food Hub Fund-এর বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে £৮৮৫ হাজার

মেয়র লুৎফুর রহমানের উদ্যোগে কাউন্সিলের দারিদ্র্যবিরোধী কার্যক্রমও জোরদার করা হচ্ছে। কাউন্সিলের ভাষ্য, নতুন ব্যবস্থার লক্ষ্য কেবল আজকের সংসারের খরচ কমানো নয়—শিশু ও তরুণদের শিক্ষা, সুযোগ এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি স্থানীয় সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তোলা।

টাওয়ার হ্যামলেটসের এই উদ্যোগ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরও একটি কারণে—£৬০ হাজার আয় করেও যে পরিবারটি নিজেকে আর্থিকভাবে স্বচ্ছল মনে করছে না, তাদের জন্য স্থানীয় সরকারের দরজা এবার আগের চেয়ে কিছুটা বেশি খোলা।