‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’

আলতাব আলী পার্কে বাংলাদেশি রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধের দাবি

আলতাব আলী পার্কে বাংলাদেশি রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধের দাবি

কমিউনিটি ডেস্ক, ২৯ নভেম্বর :

পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ আয়োজন বন্ধে আইনসম্মত বিধিনিষেধ আরোপের দাবি উঠেছে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক বিরোধ, সংঘর্ষ ও বিভাজন কমানো এবং কমিউনিটির নিরাপত্তা ও ভাবমূর্তি রক্ষার যুক্তিতে এ দাবি জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একাংশ।

গত ২২ নভেম্বর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশনের (বিবিসিসি) উদ্যোগে অনুষ্ঠিত এক জরুরি পরামর্শ সভায় এ বিষয়ে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। সভায় কমিউনিটি নেতা, আইনজীবী, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ প্রায় ১০০ জন অংশ নেন।

সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী, জননিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা না হওয়া পর্যন্ত আলতাব আলী পার্কে রাজনৈতিক সভা-সমাবেশের ওপর আইনসম্মত বিধিনিষেধ আরোপ, বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান তদারকি বৃদ্ধি, পুলিশি নজরদারি জোরদার এবং কমিউনিটির নিরাপত্তা পর্যবেক্ষণে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে।

এদিকে, গত ২৫ নভেম্বর বুধবার রাতে হোয়াইটচ্যাপেল এলাকায় একদল মুখোশধারী তরুণকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যুক্তরাজ্যভিত্তিক কার্যক্রম বন্ধের দাবিতে অবস্থান ও বক্তব্য দিতে দেখা যায়। হোয়াইটচ্যাপেল স্টেশনের পাশের 'নেতা গলি', ইস্ট লন্ডন মসজিদসংলগ্ন এলাকা এবং আলতাব আলী পার্কে তাদের উপস্থিতি ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের বাংলা ও ইংরেজিতে বক্তব্য দিতে দেখা যায়।

তাদের বক্তব্যে উঠে আসে, কয়েক প্রজন্মের প্রবাসী বাংলাদেশির শ্রম, ত্যাগ ও অর্জনের মাধ্যমে যুক্তরাজ্যে যে সামাজিক অবস্থান তৈরি হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের কারণে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে মুখোশধারী তরুণদের পরিচয় কিংবা কোনো সংগঠনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়নি।

গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এনসিপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকেই প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডের ধরন ও এর সামাজিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, আলতাব আলী পার্ক শুধু একটি সাধারণ পার্ক নয়। এটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ইতিহাস, ভাষা আন্দোলনের স্মৃতি এবং সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে অবস্থিত শহীদ মিনারে প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন হয়ে আসছে।

এ অবস্থায় পার্কটিতে রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধের দাবি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে রাজনৈতিক সংঘাত ও সহিংসতা বন্ধ করে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি, অন্যদিকে শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশ ও সমাবেশের অধিকার অক্ষুণ্ণ রাখার প্রশ্ন সামনে এসেছে।

কমিউনিটির নিরাপত্তা ও ঐক্য রক্ষায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা এখন সংশ্লিষ্ট কাউন্সিল, পুলিশ এবং কমিউনিটি প্রতিনিধিদের আলোচনার বিষয়।