কুলাউড়ায় অনুষ্ঠানে এমপির বক্তব্য ঘিরে বিতর্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘‘নোবেল পাওয়ার যোগ্য” মন্তব্যে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘‘নোবেল পাওয়ার যোগ্য” মন্তব্যে আলোচনা

সিলেট প্রতিনিধি: “শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে যদি নোবেল ঘোষণা করা হয়, তিনি (তারেক রহমান) সেটি পাবেন”—এমন মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

মঙ্গলবার (২ জুন ২০২৬) উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বক্তব্যে এমপি শওকতুল ইসলাম শকু বলেন, “আমাদের প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। আমাদের মাঝে মাঝে ভয় হয়, মাঝে মাঝে শঙ্কা হয়। উনাকে যদি আমরা হারিয়ে ফেলি, আমরা তো এতিম হয়ে যাবো। কে আমাদের আশ্রয় দিবে?” তিনি আরও বলেন, “উনি তো বাংলাদেশের নেতা নয়, বিশ্বের নেতা হয়ে গেছেন। উনি যে কর্মতৎপরতা দেখাচ্ছেন; শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বে যদি কাউকে নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা পাবেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদুর রহমান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ ধরনের মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক বক্তব্যের স্বাভাবিক অতিশয়োক্তি হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—এ ধরনের তুলনা বাস্তব রাজনৈতিক আলোচনাকে প্রশ্নবিদ্ধ করে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক বক্তৃতায় দীর্ঘদিন ধরেই অতিরঞ্জিত প্রশংসার সংস্কৃতি বিদ্যমান, যেখানে কখনো নেতাদের “বিশ্বনেতা” কিংবা “শ্রেষ্ঠ” হিসেবে উপস্থাপন করা হয়, যার বাস্তব ভিত্তি নিয়ে বিতর্ক থাকে।

সব মিলিয়ে কুলাউড়ার ওই সভার বক্তব্য এখন স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডল ছাড়িয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।