কার্ডিফে বিজয়ফুল কর্মসূচির শুভ উদ্বোধন
কমিউনিটি ডেস্ক : ব্রিটেনের কার্ডিফে প্রতিবছরের মতো এবারও “বিজয়ফুল” কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। গত ১লা ডিসেম্বর সকালে শাহজালাল মস্ক ও ইসলামিক কালচারাল সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করেন কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদুল্লাহ্। অনুষ্ঠানের পরিচালনা করেন কমিউনিটি লিডার ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর।
বক্তৃতায় কমিউনিটি নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা একাত্তরের শহীদদের স্মরণ এবং বাংলাদেশের বিজয়ের গৌরব উপলক্ষে বিজয়ফুল বুকে ধারণ করার গুরুত্ব ব্যক্ত করেন। কার্ডিফের বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা এবং স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে ঘুরে ঘুরে মানুষদের বিজয়ফুল বিতরণ করা হয়।
মো. মকিস মনসুর বলেন, “বাংলাদেশ থেকে দূরে থাকলেও আমাদের হৃদয়ে একাত্তরের রক্তঝরা ইতিহাস আজও জীবন্ত। ১লা থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আমরা সবাই বিজয়ফুল বুকে ধারণ করব – এটি শুধু প্রতীক নয়, বরং মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গৌরব ধরে রাখার অঙ্গীকার।”
১৮ বছর ধরে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অনুষ্ঠিত এই কর্মসূচি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা পৌঁছে দিতে অব্যাহত রয়েছে।