বার্মিংহামে জি এম মাহমুদ মিয়ার নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল

বার্মিংহামে জি এম মাহমুদ মিয়ার নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল

কমিউনিটি ডেস্ক :  বার্মিংহাম শহরে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম আলহাজ্ব গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়ার স্মরণে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ২৬ নভেম্বর বার্মিংহামের স্থানীয় কমিউনিটি, ব্যবসায়ী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত হয়।

সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে, এবং শেষ হয় বার্মিংহাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা সিদ্দিক আহমদের পরিচালিত বিশেষ দোয়ায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্মিংহাম মাল্টিপার্পাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু। স্বাগত বক্তব্য রাখেন ইউকেবিসিসিআই-এর সভাপতি ড. এমজি মৌলা মিয়া এমবিই এবং পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন কমরেড মসুদ আহমেদ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা প্রেসক্লাব, বার্মিংহাম-মিডল্যান্ডসের সভাপতি মোহাম্মদ মারুফ।

অনুষ্ঠানে বার্মিংহাম ছাড়াও ওয়েলস, কার্ডিফ ও সেন্ট্রাল লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে দুই শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা মরহুম মাহমুদ মিয়ার সমাজসেবা, প্রবাসী কমিউনিটির উন্নয়নে অবদান এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও নিঃস্বার্থ সহায়তার কথা স্মরণ করেন।

মরহুম জি এম মাহমুদ মিয়া ২৪ অক্টোবর বার্মিংহামে ইন্তেকাল করেন। গত ২৭ অক্টোবর বার্মিংহাম সেন্ট্রাল মসজিদে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মরহুম দীর্ঘকাল কানাডা ও যুক্তরাজ্যে কমিউনিটির সেবায় নিবেদিত ছিলেন। তিনি কানাডা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন, বাংলা স্কুল ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, এবং নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর জন্য নিয়মিত কাজ করেছেন। তার মানবিক, রাজনৈতিক ও সামাজিক অবদান আজও কমিউনিটিতে স্মরণীয় থাকবে।