ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
ঋণের বোঝায় আগামীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধি, ১৫ আগস্ট: দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ঋণের বোঝা কমাতে কার্যকর পরিকল্পনা না হলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করাও কঠিন হয়ে পড়তে পারে।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশঙ্কার কথা জানান।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনায় বাস্তবসম্মত পরিকল্পনা জরুরি। ঋণনির্ভর উন্নয়ন দীর্ঘমেয়াদে চাপ তৈরি করতে পারে। তাই অর্থনৈতিক ব্যবস্থাপনায় সতর্ক হওয়ার পাশাপাশি সরকারের নেওয়া বাজেট বাস্তবায়নে প্রশাসন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে বাজেট বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। তবে সেই লক্ষ্য অর্জনে সরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও দায়িত্বশীলতা বাড়ানো প্রয়োজন।
মতবিনিময় সভায় পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ডাম্প ট্রাকসহ ছয়টি গাড়ি হস্তান্তর করা হয়। গাড়িগুলোর যথাযথ ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
পৌরসভার সম্পদের বিষয়ে তিনি বলেন, এসব গাড়ি ও সরঞ্জাম জনগণের অর্থে কেনা। ফলে এগুলোর রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার।
এর আগে সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভা প্রশাসক শাহাদৎ হোসাইন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ৃ