ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলা, গোপালগঞ্জে পুড়েছে দুটি কার্যালয়, নাটোরে পেট্রোল বোমা

গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলা, গোপালগঞ্জে পুড়েছে দুটি কার্যালয়, নাটোরে পেট্রোল বোমা

ভয়েস অব পিপল রিপোর্ট, ১৮ নভেম্বর :

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এক সপ্তাহের ব্যবধানে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। গত ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। কয়েকটি শাখায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে, কোথাও নষ্ট করা হয়েছে নিরাপত্তা ক্যামেরা। এমনকি একটি শাখা থেকে সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে গ্রামীণ ব্যাংক এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

১৬ জেলায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের ১৬টি জেলার বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জে দুটি শাখায় ব্যাপক ক্ষয়ক্ষতি

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে গোপালগঞ্জ থেকে। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জেলার উলপুর শাখায় হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। হামলায় শাখার সিসিটিভি ক্যামেরা ও মনিটর ধ্বংস হয়েছে। পাশাপাশি একটি হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

একই দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের পাটগাতী শাখায় অগ্নিসংযোগ করা হয়। ব্যাংকের বিবৃতি অনুযায়ী, আগুনে কার্যালয় ও ভেতরে থাকা প্রায় সব সরঞ্জাম পুড়ে গেছে।

নাটোরে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

এদিকে নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় নতুন করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ করেছেন শাখা ব্যবস্থাপক।

শাখা ব্যবস্থাপক শফিউল হাসানের ভাষ্য অনুযায়ী, বিকট শব্দ শুনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বাইরে এসে আগুন দেখতে পান। পরে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কেউ আহত হননি এবং ব্যাংকের বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুটি কাচের বোতল এবং একটি প্লাস্টিকের বোতলসহ আগুন দেওয়ার আলামত উদ্ধার করেছে। ঘটনাটি কারা এবং কী উদ্দেশ্যে ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নেত্রকোনায় অগ্নিসংযোগের চেষ্টা

নেত্রকোনাতেও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। ১৬ নভেম্বর দুর্বৃত্তরা সেখানে আগুন ধরানোর চেষ্টা করলেও সফল হয়নি। একই দিনে জেলার চেলিশা রেলস্টেশনের কাছে রেললাইনের পাশে শুকনো বাঁশ ও কাঠ জড়ো করে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এতে রেল চলাচল বন্ধ হয়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জে মামলা, বিভিন্ন থানায় জিডি

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গোপালগঞ্জের ঘটনায় একটি মামলা করা হয়েছে। অন্যান্য কয়েকটি ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। তবে সব ঘটনার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো তদন্ত চলছে।

ইউনূসের নাম ঘিরে ভুল ধারণার অভিযোগ

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদ বিবিসি বাংলাকে বলেছেন, প্রতিষ্ঠানটির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নাম জড়িয়ে থাকার কারণে একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে ভুল ধারণা তৈরি হয়ে থাকতে পারে।

তাঁর মতে, গ্রামীণ ব্যাংকের মালিকানা ড. ইউনূসের—এমন ধারণা সম্পূর্ণ ভুল। ব্যাংকে হামলা হলে সেটিকে ড. ইউনূসের ওপর হামলা হিসেবে দেখার একটি প্রবণতা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

ব্যাংকের ৯০ শতাংশ মালিক ঋণগ্রহীতা সদস্য

ব্যাংক কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে মালিকানার বিষয়টি স্পষ্ট করেছে। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বর্তমানে ২০১৩ সালের গ্রামীণ ব্যাংক আইন অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠান। এর ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং বাকি ১০ শতাংশ সরকারের।

প্রতিষ্ঠানটির অক্টোবর ২০২৬-এর হিসাব অনুযায়ী, সারা দেশে ৮১ হাজার ৬৭৮টি গ্রামে গ্রামীণ ব্যাংকের ২ হাজার ৫২৮টি শাখা রয়েছে। এসব শাখার মাধ্যমে ১ কোটি ৬ লাখ ৭০ হাজারের বেশি সদস্যকে সেবা দেওয়া হচ্ছে।

প্রান্তিক মানুষের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, শাখাগুলোতে আগুন দেওয়া বা ভাঙচুরের ক্ষতি শুধু ভবন, আসবাবপত্র কিংবা কম্পিউটারের মধ্যে সীমাবদ্ধ নয়। এর ফলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সঞ্চয়, ঋণ গ্রহণ, জীবিকা এবং নিয়মিত আর্থিক লেনদেন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক মানুষের আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

ব্যাংকটি আরও বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এর মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যাচাই না করে এসব তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।