ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
দেশে এবার ট্রেন চালক ও সহকারীর ওপর মব সন্ত্রাস, রক্তাক্ত অবস্থায়ও থামেনি ট্রেন !
বাংলাদেশ প্রতিনিধি, ১৮ নভেম্বর:
বাংলাদেশে মব সন্ত্রাস, ছিনতাই ও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এবার চলন্ত রেলব্যবস্থার গুরুত্বপূর্ণ দুই কর্মী—ট্রেনের চালক ও সহকারী চালক—হামলার শিকার হলেন। চুয়াডাঙ্গার দর্শনা জংশন এলাকায় একটি খালি মালবাহী ট্রেনে অতর্কিত হামলা চালিয়ে তাঁদের কুপিয়ে গুরুতর আহত করেছে একদল ছিনতাইকারী। শুধু হামলাই নয়, আহত দুই রেলকর্মীর কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে।
সোমবার গভীর রাতে দর্শনা জংশনের আউটার সিগন্যাল ও দুধপাতিলা এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন লোকোমাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকোমাস্টার কবির হোসেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি খালি মালবাহী ট্রেন দর্শনা জংশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছে সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়েছিল। এ সময় সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত ট্রেনে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে চালক ও তাঁর সহকারীকে উপর্যুপরি আঘাত করে তারা। একপর্যায়ে তাঁদের জিম্মি করে সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থাতেও দুই রেলকর্মী দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। নিজেদের জীবন বিপন্ন জেনেও তাঁরা ট্রেনটি চালিয়ে উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছান। পরে তাঁদের চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াসিন আরাফাত জানান, সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ট্রেনটিতে হামলা চালায়। চালক ও সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁদের টাকা ও মুঠোফোন নিয়ে যায়। আহত অবস্থায় তাঁরা ট্রেন চালিয়ে স্টেশনে পৌঁছান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ঘটনা শুধু দুটি রেলকর্মীর ওপর ছিনতাইকারীদের হামলা নয়; এটি দেশের রেলপথের নিরাপত্তাব্যবস্থা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে। রেললাইন, সিগন্যাল পয়েন্ট ও নির্জন এলাকায় দায়িত্ব পালনকারী কর্মীরা যদি নিজেদের কর্মস্থলেই নিরাপদ না থাকেন, তাহলে যাত্রী ও পণ্য পরিবহনের নিরাপত্তা কতটা নিশ্চিত?
বিশেষ করে সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ট্রেনে এ ধরনের হামলা প্রমাণ করে, নির্জন রেলপথে নিরাপত্তার ঘাটতি অপরাধীদের সুযোগ করে দিতে পারে। চালক ও সহকারী চালকের ওপর এমন হামলায় শুধু তাঁদের ব্যক্তিগত নিরাপত্তাই বিঘ্নিত হয়নি, রেল চলাচলের ধারাবাহিকতাও ঝুঁকির মুখে পড়েছে।
প্রশ্ন হলো, রেললাইনে দায়িত্ব পালন করতে গিয়ে রেলকর্মীদেরও যদি জীবন বাজি রাখতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কে?