“যেখানে সময়ের শব্দে উঠে আসে সত্য”
কলিকালের কলধ্বনি ।। ১৭৮।। রবীন্দ্র সাহিত্যে একত্ববাদ এবং নজরুল সাহিত্যে হিন্দুত্ববাদ
উৎসর্গ
বাংলা সাহিত্যের দুই দিকপাল—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় এই লেখা উৎসর্গ করছি।

ছেলেমেয়ে ও আত্মীয়দের সাথে বসা রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকেই আমার কাছে দুই বিস্ময়কর সাহিত্যিক। এ দুজনকে নিয়ে কমপক্ষে প্রায় তিন যুগ ধরে পড়াশোনা করে চলেছি কাজের ফাঁকে ফাঁকে, জীবনের নানা চড়াই-উৎরাইয়ের বাঁকে বাঁকে। তাঁদের প্রতি আকর্ষণ একসময় এতটাই প্রবল ছিল যে, তাঁদের নিয়ে গবেষণা করতে গিয়ে বিলাতে আসার আগে পশ্চিমবঙ্গে বেশ কয়েকবার যাওয়া-আসা করেছি। কলকাতায় তাঁদের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ঘুরেছি। পরিচিত গবেষক, আত্মীয়স্বজন ও তাঁদের সাহিত্যচর্চার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগও হয়েছে।

সিলেটে নজরুল।।
সামনের সারিতে (বাঁ থেকে ডানে): মোহাম্মদ ওবায়দুল হক কোরেশী, রমেশ চন্দ্র দাস, মোহাম্মদ গোলাম মোস্তফা কোরেশী তাঁর ছেলে আহমেদ হোসেন কোরেশীসহ, কাজী নজরুল ইসলাম, মকবুল হোসেন চৌধুরী তাঁর ছেলে ফারুক হোসেন চৌধুরীসহ।
পেছনের সারিতে (বাঁ থেকে ডানে): মোহাম্মদ ফজলুল হক কোরেশী, আবদুর রাজ্জাক, একজন গৃহভৃত্য, আবদুল গফফার দত্ত চৌধুরী এবং আবদুল বাকী চৌধুরী।
আমার উপলব্ধি হলো, এ দুজনের সাহিত্যিক বিশালত্ব পরিমাপ করা প্রায় অসম্ভব। একজন যদি আটলান্টিক মহাসাগর হন, অন্যজন প্রশান্ত মহাসাগর। দুজনের ব্যাপ্তি আলাদা, গভীরতা আলাদা, কিন্তু বিশালত্বে কেউ কারও চেয়ে কম নন। তাই আজও তাঁদের লেখাজোখা নিয়ে চূড়ান্ত কোনো মূল্যায়ন করার সাহস বা সাধ্য আমার নেই। এই দুই অতলান্তিক সাগরের কুল পাওয়া আমার সাধ্যির বাইরে।
কিন্তু ইদানীং লক্ষ করছি, কিছু শিক্ষিত ও অর্ধশিক্ষিত মানুষ রবীন্দ্রনাথের মতো বিশ্ববরেণ্য সাহিত্যিকের মুখে কালিমা লেপনের চেষ্টা করছেন। তাঁকে তাঁর ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে দেখানোর অপচেষ্টা চলছে। কেউ কেউ এমন কথাও বলেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় রবীন্দ্রনাথ এর বিরোধিতা করেছিলেন। দুঃখজনক হলো, অনেক উচ্চশিক্ষিত মানুষও তথ্য যাচাই না করে এসব কথা প্রচার করেন। এ বিষয়টি নিয়ে প্রায় ১০-১২ বছর আগেও আমার একটি লেখা প্রকাশিত হয়েছিল। প্রয়োজন হলে বিষয়টি নিয়ে আবারও লিখব।
অন্যদিকে নজরুলের জীবদ্দশায় অনেক মৌলভী তাঁকে ‘কাফের’ ফতোয়া দিতেও কার্পণ্য করেননি। অথচ এই দুই কবির মধ্যে ছিল গভীর ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। রবীন্দ্রনাথ তরুণ নজরুলকে অত্যন্ত স্নেহ করতেন। কলকাতার সাহিত্যিক মহলে একসময় নজরুলকে ‘রবীন্দ্রনাথের হাফেজ’ বলেও ডাকা হতো। কারণ, নজরুল তখন রবীন্দ্রনাথের বহু লেখা মুখস্থ বলতে পারতেন। পরবর্তী সময়ে নজরুল নিজের স্বতন্ত্র সাহিত্যিক পরিচয় ও সৃষ্টিশীলতার জগৎ গড়ে তোলেন।
যাই হোক, এই দুই মহীরুহকে নিয়ে লিখতে বসলে একটি রাত কেন, হয়তো কয়েকটি রাতও পেরিয়ে যাবে। তাঁদের জীবন, সাহিত্য, দর্শন ও চিন্তাভাবনা নিয়ে লিখতে গেলে একটি বিশাল উপন্যাসের সমান বড় হয়ে যেতে পারে। অবশ্য িএ দুজনকে নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ ইতোমধ্যে লেখা হয়েছে আমার। তবে এসব তো এই ক্ষুদ্র পরিসরে প্রকাশ করা সম্ভব নয়। আগামীতে গ্রন্থাকারে প্রকাশ করার ইচ্ছে।
এই দুই সাহিত্যিকের একটি বিশেষ দিক আমাকে বরাবরই আকৃষ্ট করেছে। তাঁরা দুজনই নিজ নিজ ধর্মীয় পরিচয় ও বিশ্বাস বজায় রেখেও অন্য ধর্মের সাহিত্য, দর্শন, আধ্যাত্মিকতা ও ঐতিহ্য নিয়ে গভীরভাবে পড়াশোনা করেছেন এবং প্রচুর সাহিত্য সৃষ্টি করেছেন। এর অর্থ এই নয় যে, তাঁরা নিজ নিজ ধর্মীয় বিশ্বাস থেকে সরে এসেছিলেন। বরং তাঁদের সাহিত্য প্রমাণ করে, একজন বড় মাপের সাহিত্যিকের জ্ঞান ও সৃষ্টিশীলতার পরিধি জন্মগত ধর্মীয় পরিচয়ের গণ্ডিতে আটকে থাকে না।
আজকের কলামে তাই তাঁদের বিশাল সাহিত্যজগতের সামান্য একটি দিক নিয়ে আলোচনা করতে চাই। মুসলিম পরিবারে জন্ম নেওয়া নজরুলের হিন্দু ধর্মীয় সংগীত, কীর্তন ও শ্যামাসংগীত রচনা এবং হিন্দু পরিবারে জন্ম নেওয়া রবীন্দ্রনাথের একেশ্বরবাদী ও উপনিষদীয় সাহিত্যদর্শনই হবে আজকের আলোচনার বিষয়।
নজরুল: মুসলিম হয়েও হিন্দু ভক্তিসাহিত্যের এক অসাধারণ স্রষ্টা
কাজী নজরুল ইসলামের পরিচয় বিদ্রোহী কবি হিসেবে প্রতিষ্ঠিত হলেও তাঁর সংগীতসাহিত্যের একটি বিশাল অংশ হিন্দু ধর্মীয় ঐতিহ্য থেকে উৎসারিত। তিনি শুধু হিন্দু দেবদেবীর নাম ব্যবহার করে কয়েকটি গান লেখেননি; বরং শাক্ত, বৈষ্ণব ও পৌরাণিক ধর্মীয় ভাবধারার ভেতরে প্রবেশ করে সেসব ধারার নিজস্ব আবেগ, ভক্তি ও সংগীতরীতি অনুসরণ করে সৃষ্টি করেছেন অসংখ্য গান।
নজরুলের শ্যামাসংগীতের দিকে তাকানো যাক। ‘আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা’, ‘বল রে জবা বল’, ‘শ্মশানে জাগিছে শ্যামা’, ‘কে পরালো মুণ্ডমালা’—এসব গানে দেবী কালীর প্রতি যে ভক্তি, আত্মনিবেদন ও আবেগ প্রকাশ পেয়েছে, তা বাংলা শাক্তসংগীতের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
এখানে নজরুল কালীকে কেবল একটি পৌরাণিক চরিত্র হিসেবে উপস্থাপন করেননি। কখনো তিনি মায়ের স্নেহময় রূপ, কখনো মহাশক্তি, কখনো ভয়ংকরী, আবার কখনো ভক্তের একান্ত আশ্রয়। শাক্ত সাধনার যে মাতৃভাব, তার গভীর প্রকাশ পাওয়া যায় নজরুলের এসব গানে।
আরও বিস্ময়কর তাঁর বৈষ্ণব সংগীত ও কীর্তন। ‘ওরে নীল যমুনার জল’, ‘ব্রজগোপী খেলে হোরি’, ‘বিজন গোঠে কে রাখাল’, ‘সখী সে হরি কেমন বল’ এবং ‘এলো নন্দের নন্দন’—এসব গানে রাধাকৃষ্ণের প্রেমলীলা, বৃন্দাবনের পরিবেশ, গোপীদের বিরহ, কৃষ্ণের বাঁশির সুর ও বৈষ্ণব ভক্তির আবেগ ফুটে উঠেছে।
বিশেষ করে ‘ওরে নীল যমুনার জল’ গানটিতে যমুনা, বৃন্দাবন ও কৃষ্ণকেন্দ্রিক যে আবহ তৈরি হয়েছে, তা বাংলা বৈষ্ণব সংগীতের পরিচিত রসধারার সঙ্গে মিশে গেছে। আবার ‘ব্রজগোপী খেলে হোরি’ গানে কৃষ্ণলীলা ও হোলি উৎসবের রঙিন পরিবেশ সংগীতের মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে।
নজরুল শুধু শ্যামাসংগীত বা বৈষ্ণব কীর্তনেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি উমার আগমনী, শিবসংগীত, কৃষ্ণবন্দনা এবং অন্যান্য হিন্দু ভক্তিগীতিও রচনা করেছেন। ‘আমার আনন্দিনী উমা’, ‘জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী’, ‘গরজে গম্ভীর গগনে কম্বু নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভু’—এসব গানের বিষয়বস্তু যথাক্রমে হিন্দু দেবী উমা, বিষ্ণু ও শিবের ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নজরুল এসব গান লিখেছেন বাইরের কোনো পর্যবেক্ষকের মতো নয়। তিনি ধর্মীয় চরিত্রগুলোর আবেগ ও ভক্তির জগতে প্রবেশ করে সেগুলোকে সংগীতের ভাষায় প্রকাশ করেছেন।
বাংলাপিডিয়ার ‘নজরুল সঙ্গীত’ নিবন্ধে তাঁর গানের বিভিন্ন ধারার যে শ্রেণিবিন্যাস পাওয়া যায়, সেখানে কীর্তন, বাউল-ভাটিয়ালি, গজল, ধ্রুপদসহ নানা সংগীতরীতির উল্লেখ রয়েছে। অর্থাৎ নজরুলের সংগীতজগৎ কোনো একক ধর্মীয় ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না।
এমনকি তাঁর ‘নজরুল-গীতিকা’ (১৯৩০) গ্রন্থেও কীর্তনকে স্বতন্ত্র সংগীতধারা হিসেবে স্থান দেওয়া হয়েছিল।
প্রশ্ন হচ্ছে, একজন মুসলিম কবি কীভাবে হিন্দু দেবদেবীর উদ্দেশে এমন ভক্তিপূর্ণ গান লিখতে পারলেন? এর উত্তর সম্ভবত তাঁর সাহিত্যিক সত্তার মধ্যেই রয়েছে। তিনি ধর্মীয় পরিচয়ের সীমারেখাকে সৃজনশীলতার সীমারেখা হতে দেননি। একজন কবি হিসেবে যে ধর্মীয় অনুভূতি, আধ্যাত্মিকতা ও সংগীতরস তাঁকে আকৃষ্ট করেছে, তিনি তা-ই নিজের সৃষ্টিতে ধারণ করেছেন।
নজরুলের ইসলামী সংগীত রচনার পাশাপাশি হিন্দু ধর্মীয় সংগীতে এই বিপুল অবদান তাই তাঁর সাহিত্যিক পরিচয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক।
রবীন্দ্রনাথ: হিন্দু পরিবারে জন্ম, কিন্তু সাহিত্যে একেশ্বরবাদী দর্শনের গভীর প্রকাশ
এবার রবীন্দ্রনাথের দিকে তাকানো যাক।
রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন একটি হিন্দু পরিবারে। কিন্তু তাঁর পারিবারিক ধর্মীয় পরিবেশ ছিল প্রচলিত হিন্দু আচার-অনুষ্ঠানের চেয়ে অনেকটাই আলাদা। তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্মসমাজের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। ব্রাহ্মসমাজের মূল ধর্মীয় ভিত্তি ছিল এক ঈশ্বরের উপাসনা, উপনিষদীয় ব্রহ্মচিন্তা এবং নিরাকার পরম সত্তার ধারণা।
এই পরিবেশেই রবীন্দ্রনাথের ধর্মীয় চিন্তার বিকাশ ঘটে।
তাঁর সাহিত্য ও সংগীতে তাই বারবার দেখা যায় এক পরম সত্তার প্রতি আত্মনিবেদন, ঈশ্বরের সঙ্গে আত্মার সম্পর্ক, বিশ্বজগতের অন্তর্নিহিত ঐক্য এবং মানুষের মধ্যে সেই পরম সত্তার উপস্থিতি অনুভব করার আকাঙ্ক্ষা।
‘গীতাঞ্জলি’র কবিতাগুলো এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে রবীন্দ্রনাথের ঈশ্বর কোনো নির্দিষ্ট মন্দিরের দেবতা নন, কোনো মূর্তির মধ্যে আবদ্ধ সত্তাও নন। তিনি মানুষের জীবনের অন্তরে, প্রকৃতির সৌন্দর্যে, কর্মে, আনন্দে ও বেদনায় বিরাজমান এক পরম সত্তা।
‘নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে’—এই গানের কথার দিকে তাকালেই তাঁর ঈশ্বরভাবনার একটি বিশেষ দিক স্পষ্ট হয়। ঈশ্বরকে চোখে দেখা যায় না, কিন্তু তিনি মানুষের অস্তিত্বের মধ্যেই অনুভূত হন। এখানে ঈশ্বরের উপস্থিতি কোনো বাহ্যিক প্রতিমার ওপর নির্ভরশীল নয়; বরং অন্তরের উপলব্ধির বিষয়।
আবার ‘সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর’—এই গানে সীমাবদ্ধ মানুষের মধ্যে অসীম সত্তার প্রকাশের কথা বলা হয়েছে। মানুষের ক্ষুদ্র অস্তিত্বের মধ্যেও যে এক বৃহত্তর পরম অস্তিত্ব কাজ করে, রবীন্দ্রনাথ সেই উপলব্ধিকে সংগীতের ভাষায় প্রকাশ করেছেন।
‘আমার মাথা নত করে দাও হে তোমার চরণধূলার তলে’ গানটিতেও ব্যক্তিসত্তার অহংকার বিসর্জন দিয়ে পরম সত্তার কাছে আত্মসমর্পণের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।
এখানে লক্ষণীয়, রবীন্দ্রনাথের উপাসনা কোনো নির্দিষ্ট দেবদেবীর কাছে পূজা নিবেদনের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর প্রার্থনার কেন্দ্রবিন্দু এক পরম সত্তা, যাঁর কাছে মানুষ নিজের অহংকার, সীমাবদ্ধতা ও আত্মকেন্দ্রিকতা সমর্পণ করে।
তাঁর ‘যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে’ গানটিও এই ঈশ্বরানুসন্ধানের একটি উল্লেখযোগ্য উদাহরণ। এখানে কবির আকাঙ্ক্ষা কোনো পার্থিব প্রাপ্তি নয়; বরং পরম সত্তার সঙ্গে আত্মিক সংযোগ।
রবীন্দ্রনাথের এই দর্শনের পেছনে উপনিষদের গভীর প্রভাব রয়েছে। উপনিষদীয় ব্রহ্মচিন্তায় পরম সত্যকে সর্বব্যাপী ও সর্বসত্তার অন্তর্নিহিত হিসেবে উপলব্ধি করা হয়। রবীন্দ্রনাথ সেই চিন্তাকে নিজের কাব্যিক অনুভূতি ও সংগীতের মাধ্যমে নতুন প্রকাশ দিয়েছেন।
তবে তাঁর একেশ্বরবাদকে কেবল প্রচলিত অর্থে ঈশ্বরের সংখ্যা এক—এমন একটি ধর্মীয় সূত্রে সীমাবদ্ধ করা ঠিক হবে না। তাঁর ঈশ্বরভাবনা উপনিষদীয় ব্রহ্ম, ব্যক্তিগত ঈশ্বরানুভূতি এবং বিশ্বমানবিক চেতনার সমন্বয়ে গড়ে উঠেছে।
এ কারণেই তাঁর ‘গীতাঞ্জলি’ কেবল ধর্মীয় কবিতার সংকলন নয়; এটি মানুষের সীমিত অস্তিত্বের মধ্যে অসীমের সন্ধানের এক অসাধারণ সাহিত্যিক প্রকাশ।
দুই কবির সাহিত্য পাঠে প্রচলিত ধারণার পরিবর্তন
এবার দুই কবির সাহিত্য পাশাপাশি রাখলে একটি আকর্ষণীয় বৈপরীত্য দেখা যায়।
মুসলিম কবি নজরুল হিন্দু ধর্মের দেবী কালীকে নিয়ে শ্যামাসংগীত লিখেছেন, কৃষ্ণকে নিয়ে কীর্তন রচনা করেছেন, রাধার বিরহ ও গোপীদের প্রেমের অনুভূতি প্রকাশ করেছেন। অন্যদিকে হিন্দু পরিবারে জন্ম নেওয়া রবীন্দ্রনাথ তাঁর বহু কবিতা ও গানে নিরাকার এক পরম ঈশ্বর, ব্রহ্ম এবং একেশ্বরবাদী আধ্যাত্মিকতার সন্ধান করেছেন।
অর্থাৎ জন্মের পরিচয় দিয়ে তাঁদের সাহিত্যিক বিশ্বাসের সম্পূর্ণ পরিচয় পাওয়া যায় না।
নজরুলের ক্ষেত্রে হিন্দু ধর্মীয় ভক্তিগীতি তাঁর সৃষ্টিশীলতার একটি বড় অংশ। রবীন্দ্রনাথের ক্ষেত্রে একেশ্বরবাদী ও উপনিষদীয় আধ্যাত্মিকতা তাঁর সাহিত্যিক সত্তার অন্যতম ভিত্তি।
এখানে তাঁদের কাউকে অন্যের ধর্মের অনুসারী হিসেবে চিহ্নিত করার প্রয়োজন নেই। নজরুল তাঁর মুসলিম পরিচয় বজায় রেখেই হিন্দু ধর্মীয় সংগীতের অসাধারণ স্রষ্টা হয়েছেন। রবীন্দ্রনাথ হিন্দু পরিবারে জন্ম নিয়েও প্রচলিত বহুদেবতাভিত্তিক উপাসনার বাইরে এক পরম সত্তার সন্ধানকে নিজের সাহিত্যিক দর্শনের কেন্দ্রে স্থান দিয়েছেন।
সুতরাং তাঁদের সাহিত্যকে শুধু জন্মগত ধর্মীয় পরিচয়ের আলোকে বিচার করলে দুই কবির সৃষ্টির একটি বড় অংশই অদেখা থেকে যাবে।
শেষ পর্যন্ত প্রশ্নটি কে মুসলিম, কে হিন্দু—সেটি নয়; প্রশ্ন হলো, একজন কবির সৃষ্টিশীল মন কতটা বিস্তৃত হতে পারে। নজরুলের কীর্তনে কৃষ্ণের বাঁশি যেমন ধ্বনিত হয়েছে, রবীন্দ্রনাথের গানে তেমনি ধ্বনিত হয়েছে নিরাকার পরম সত্তার আহ্বান। এই দুই সাহিত্যিক বাস্তবতাই প্রমাণ করে, জন্মের ধর্মীয় পরিচয় একজন স্রষ্টার সাহিত্যিক জগতের সীমানা নির্ধারণ করে দিতে পারে না।
লেখক: সম্পাদক, কলামিস্ট, বিশ্লেষক, গল্পকার ও সাবেক অধ্যাপক
লন্ডন, ১৭ নভেম্বর, ২০২৬