তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

ব্যয় সংকোচনের চাপে ইংল্যান্ডের ৩১ হাসপাতাল, রোগীসেবায় বিঘ্নের আশঙ্কা

ব্যয় সংকোচনের চাপে ইংল্যান্ডের ৩১ হাসপাতাল, রোগীসেবায় বিঘ্নের আশঙ্কা

ভয়েস অব পিপল রিপোর্ট, ২৩ নভেম্বর:

ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের (NHS) ব্যয় সংকোচন কর্মসূচি নিয়ে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। অতিরিক্ত অর্থের সংকট এবং নির্ধারিত বাজেটের মধ্যে ব্যয় সীমিত রাখার চাপের কারণে দেশটির অন্তত ৩১টি হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক করেছে, এতে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোকে কর্মী নিয়োগ, চিকিৎসাসেবা ও বিভিন্ন বিভাগে ব্যয় কমানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালগুলোর জন্য চলতি অর্থবছরে বড় অঙ্কের সাশ্রয় নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু অনেক হাসপাতালের মতে, বাস্তব পরিস্থিতি বিবেচনায় এসব লক্ষ্যমাত্রা অর্জন করা অত্যন্ত কঠিন। ইতোমধ্যে ৩১টি স্বাস্থ্যসেবা ট্রাস্ট তাদের প্রকাশিত ঝুঁকি তালিকায় জানিয়েছে, আর্থিক চাপ তাদের স্বাভাবিক সেবা পরিচালনার সক্ষমতাকে হুমকির মুখে ফেলছে।

প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে ২৭টি হাসপাতাল কর্তৃপক্ষ আর্থিক সংকটকে তাদের সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে। ছয়টি ট্রাস্ট এই ঝুঁকিকে সর্বোচ্চ মাত্রার বলে উল্লেখ করেছে। এর মধ্যে ‘হোয়াটচ্যাপলের ‘রয়েল লন্ডন হাসপাতাল‘ এবং ‘মাইলএন্ড হাসপাতাল’ দুটিই বার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের অধীনে পরিচালিত। তবে প্রকাশিত প্রতিবেদনে এই দুটি হাসপাতাল সরাসরি ৩১টি ঝুঁকিপূর্ণ ট্রাস্টের তালিকায় রয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

হাসপাতালগুলোর ব্যয় বাড়ার পেছনে ওষুধের মূল্য বৃদ্ধি, কর্মীদের বেতন ও অন্যান্য পরিচালন ব্যয়, চিকিৎসাসেবায় বাড়তি চাহিদা এবং নতুন ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড ব্যবস্থা চালুর খরচসহ বিভিন্ন কারণ রয়েছে। এর সঙ্গে কর্মীদের ধর্মঘট এবং গরমের সময় জরুরি বিভাগে রোগীর চাপও পরিস্থিতিকে জটিল করেছে।

ব্যয় কমানোর উদ্যোগ ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে প্রভাব ফেলতে শুরু করেছে। কোথাও কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, কোথাও ওয়ার্ড বন্ধ বা নির্দিষ্ট চিকিৎসাসেবা সীমিত করার উদ্যোগ চলছে।

কেন্টের একটি এলাকায় ব্যাংক শিফটে কাজ করা অস্থায়ী চিকিৎসাকর্মীদের পারিশ্রমিক কমানোর পর ক্যানসার চিকিৎসায় বিলম্বের ঘটনা ঘটেছে। ব্রিডলিংটনে একটি হাসপাতালের ওয়ার্ড বন্ধ করা হয়েছে। নর্থ ইয়র্কশায়ারের কিছু এলাকায় কর্মঘণ্টার বাইরে জিপি সেবা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি একটি পুনর্বাসনকেন্দ্রের হাইড্রোথেরাপি পুল বন্ধ করার প্রস্তাবও আলোচনায় এসেছে।

টরবে অ্যান্ড সাউথ ডেভনের স্বাস্থ্যসেবা ট্রাস্টে ১৯৯টি প্রশাসনিক ও অ-চিকিৎসা পদ কমানোর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে নটিংহাম ও বার্টসের স্বাস্থ্যসেবা ট্রাস্ট মিলিয়ে দুই হাজার ৩০০টির বেশি পদ বিলুপ্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা, এভাবে ব্যয় কমাতে গিয়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীর ওপর কাজের চাপ আরও বাড়বে। এতে রোগীদের চিকিৎসা পেতে অপেক্ষা বাড়তে পারে এবং রোগীর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে।

স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন বলছে, হাসপাতালের শয্যা ও চিকিৎসাসেবা কমিয়ে দিলে সংকট আরও বাড়তে পারে। বিশেষ করে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও যেসব রোগীর বাড়ি ফেরার বা পরবর্তী পরিচর্যার ব্যবস্থা না থাকায় শয্যা দখল করে থাকতে হয়, তাদের জন্য বিকল্প সেবা কমে গেলে হাসপাতালের ওপর চাপ আরও বাড়বে।

অন্যদিকে এনএইচএস ইংল্যান্ডের বক্তব্য, হাসপাতালগুলোকে আর্থিক ঝুঁকি মোকাবিলা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নির্ধারিত বাজেটের মধ্যে থেকে সেবা পরিচালনার ব্যবস্থা করতে হবে।

বিশ্লেষকদের মতে, এনএইচএসের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা। কারণ ব্যয় কমানোর লক্ষ্য অর্জন করতে গিয়ে যদি চিকিৎসক, নার্স, হাসপাতালের শয্যা ও প্রয়োজনীয় সেবা কমে যায়, তাহলে তার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ রোগীদের ওপর।