তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
ফেসবুকের ভুয়া বিজ্ঞাপনে প্রতারিত হবেন না, স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংকের টাকা চুরি
ভয়েস অব পিপল রিপোর্ট, ২১ নভেম্বর:
ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন, অবিশ্বাস্য কম দামে পণ্য বিক্রি, পুরস্কার কিংবা বিশেষ ছাড়ের প্রলোভন। আবার ব্যাংকের সফটওয়্যার আপডেট বা হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার সঙ্গে ভুয়া লিংক। এসবের ফাঁদে পড়ে গ্রাহকের স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র।
সম্প্রতি এমন প্রতারণায় এক গ্রাহকের দুই লাখ টাকা, আরেকজনের প্রায় ১০ লাখ টাকা এবং অন্য এক গ্রাহকের ৫ লাখ ৭৩ হাজার টাকা খোয়া যাওয়ার ঘটনা সামনে এসেছে। প্রতারকরা কখনো ব্যাংকের নকল ওয়েবসাইট তৈরি করে পিন, পাসওয়ার্ড ও ওটিপি সংগ্রহ করছে, কখনো ক্ষতিকর সফটওয়্যার ব্যবহার করে দূর থেকেই মোবাইল ফোন নিয়ন্ত্রণ করছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস রিপোর্ট ২০২৫ অনুযায়ী, মোবাইল আর্থিক সেবা, চেক ও কার্ড লেনদেনে ওই বছর ৮১ হাজার ৪২৩টি জালিয়াতির ঘটনা শনাক্ত হয়। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ৯২ কোটি ৬০ লাখ টাকার বেশি। এর মধ্যে প্রায় ৮৯ শতাংশ অর্থই উদ্ধার করা সম্ভব হয়নি।
সাইবার অপরাধীদের এমন তৎপরতা মোকাবেলায় তদন্ত ও নজরদারি জোরদারের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিচিত লিংকে প্রবেশ, অজানা অ্যাপ ইনস্টল কিংবা কাউকে ব্যাংকিং পিন, পাসওয়ার্ড ও ওটিপি দেওয়ার আগে সতর্ক না হলে মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক হিসাব।