আপডেট নিউজ

নড়াইল নাড়িয়ে দিল বিএনপির কর্মীরা, আওয়ামী লীগ নেতাকর্মীদের ৬০ বাড়িঘরে হামলা-ভাঙচুর, আগুন

নড়াইল নাড়িয়ে দিল বিএনপির কর্মীরা, আওয়ামী লীগ নেতাকর্মীদের ৬০ বাড়িঘরে হামলা-ভাঙচুর, আগুন

বাংলাদেশ প্রতিনিধি, ২৩ নভেম্বর:

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের মাত্র দুই দিনের মাথায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের দাবি, সাবেক সংসদ সদস্য, সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অন্তত ৫০ থেকে ৬০টি বাড়িঘর ও দোকানপাট হামলার শিকার হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রথম দিকে ২০ থেকে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেলেও পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধান ও ভুক্তভোগীদের বক্তব্যে হামলার ব্যাপকতা আরও বেশি বলে উঠে এসেছে। তবে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা নিয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে পার্থক্য রয়েছে।

হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমের বাড়ি।

ঘটনার সূত্রপাত ১৮ নভেম্বর সন্ধ্যায়। ওই দিন কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

বিএনপি এ হত্যাকাণ্ডের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে আসছে। দুই নেতার মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১৯ নভেম্বর তাঁদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

পরদিন শুক্রবার নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপির নেতারা।

এরপর শুক্রবার বিকেল থেকে বেন্দারচর ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা শুরু হয়। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়রের বাড়িসহ অন্তত ৫০ থেকে ৬০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলীর বক্তব্য অনুযায়ী, বিক্ষুব্ধ লোকজন ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং চার থেকে পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে একাধিক বাড়িতে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে তাঁরা আগুন লাগার খবর পান। কিন্তু বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পরে রাত ৮টার দিকে তাঁরা সেখানে পৌঁছান। ততক্ষণে অনেক বাড়ির আগুন নিভে গিয়েছিল।

এদিকে বিএনপির স্থানীয় নেতারা হামলার সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেছেন, হত্যাকাণ্ডের পর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে তাঁরা দলীয় নেতাকর্মীদের নিয়ে সতর্ক ছিলেন। তবে ভুক্তভোগীদের অভিযোগ ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে হামলার ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে।

অন্যদিকে বেন্দারচর এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়াইল জেলা পুলিশ তা নাকচ করে দেয়। পুলিশের দাবি, ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতি নেই এবং হিন্দু পরিবারের বাড়িঘর বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার কোনো ঘটনা ঘটেনি।

দুই বিএনপি নেতার হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নড়াইলের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হতে হবে। কিন্তু হত্যার প্রতিশোধ নিতে বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পরিচয় যা-ই হোক, নাগরিকের জানমাল ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এসব ঘটনায় জড়িত প্রত্যেককে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।