তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাঙ্কের শতাধিক শাখায় পেট্রলবোমা হামলা, ওপর মহলের নির্দেশের অভিযোগ ড.ম ইউনূসের
ভয়েস অব পিপল রিপোর্ট, ২৩ নভেম্বর:
বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার মধ্যে এবার নজিরবিহীন হামলার অভিযোগ উঠল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাঙ্ককে ঘিরে। নভেম্বর মাসের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকায় ব্যাঙ্কটির প্রায় ১০০টি শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অর্ধেক নোবেলজয়ী ড.ম ইউনূস (বাকি অর্ধেক নোবেল পেয়েছিল গ্রামীন ব্যাংক) তাঁর অভিযোগ, হামলার সময় আক্রমণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে। হামলার ধরন ও ধারাবাহিকতা দেখে তাঁর ধারণা, এসব ঘটনার পেছনে ওপর মহলের নির্দেশনা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ইউনূস এসব অভিযোগ তুলে ধরে অবিলম্বে হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ডম ইউনূসের ভাষ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকেই প্রায় প্রতিদিন গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। একই ধরনের কায়দায় একের পর এক হামলা হওয়ায় এগুলোকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন তিনি। তাঁর বক্তব্য, প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য অপরাধীরা ওপর মহল থেকে নির্দেশনা পেতে পারে।
গ্রামীণ ব্যাঙ্কের শাখাগুলোতে হামলাকে কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ হিসেবে দেখছেন না ইউনূস। তাঁর মতে, এর সরাসরি শিকার হচ্ছেন গ্রামীণ এলাকার দরিদ্র নারী এবং তাঁদের পরিবার।
তিনি জানান, গ্রামীণ ব্যাঙ্কের প্রায় ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারীই মূলত ব্যাঙ্কটির মালিক। তাঁদের সঞ্চয়, ঋণ ও আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে পরিবারের জীবিকা, সন্তানদের লেখাপড়া এবং ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। ফলে ব্যাঙ্কের কার্যক্রম বাধাগ্রস্ত হলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন এই নারীরাই।
বিবৃতিতে ইউনূস ব্যাঙ্কটির মালিকানা নিয়েও অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, বর্তমানে গ্রামীণ ব্যাঙ্কের মালিকানা কিংবা পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। ঋণগ্রহীতাদের হাতে রয়েছে ব্যাঙ্কটির ৯০ শতাংশ শেয়ার এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময় ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পর থেকে ব্যাঙ্কটির পরিচালনায় তাঁর কোনো ভূমিকা নেই। নিজের নামে ব্যাঙ্কটির কোনো শেয়ারও নেই বলে জানিয়েছেন তিনি।
গ্রামীণ ব্যাঙ্কের ওপর হামলার পাশাপাশি দেশের অন্যান্য রাজনৈতিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন সাবেক এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাঁর দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেত্রী এবং জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষমতাসীন বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।
তবে নুসরাত তাবাসসুমের বাড়ির অগ্নিকাণ্ড নিয়ে সরকারি ও বিরোধী পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। নুসরাতের পক্ষ থেকে পেট্রলবোমা হামলার অভিযোগ তোলা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানিয়েছিলেন, প্রাথমিক তদন্তে পেট্রলবোমা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্তে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সমন্বয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও ভারতে অবস্থান, আওয়ামী লীগের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং দলটির নেতাকর্মীদের সাম্প্রতিক বিক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিভিন্ন স্থানে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটছে।
অন্যদিকে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনও নতুন করে অস্থিরতা তৈরি করেছে। বিএনপি সরকারের অভিযোগ, শ্রমিক আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে আওয়ামী লীগের শ্রমিক সংগঠনগুলো। যদিও এসব অভিযোগের রাজনৈতিক দায়দায়িত্ব নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ও প্রত্যর্পণ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে। ভারত থেকে তাঁর প্রত্যর্পণের ক্ষেত্রেও নয়াদিল্লির সহযোগিতা প্রত্যাশা করছে ঢাকা।
এমন পরিস্থিতিতে গ্রামীণ ব্যাঙ্কের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে একটি প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মী এবং লাখ লাখ নারী ঋণগ্রহীতার নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।
ইউনূসের বক্তব্যে রাজনৈতিক দায় ও হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে অভিযোগ থাকলেও সুনির্দিষ্টভাবে অপরাধীদের পরিচয় ও নির্দেশদাতাদের সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে প্রমাণ করা জরুরি। রাজনৈতিক পরিচয় যা-ই হোক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সাধারণ মানুষের জীবিকা ও নিরাপত্তার ওপর হামলার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।