তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
ম্যানচেস্টারে কনসার্টে অজ্ঞাত রাসায়নিক পদার্থ, আতঙ্কে ১২ হাজার দর্শককে সরিয়ে নিল পুলিশ
ভয়েস অব পিপল রিপোর্ট, ২৩ নভেম্বর:
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মার্কিন র্যাপার ডন টলিভারের কনসার্ট চলাকালে অজ্ঞাত একটি পদার্থ ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতারাতি ১২ হাজারের বেশি দর্শককে কনসার্টস্থল থেকে সরিয়ে নেয় পুলিশ। এ ঘটনায় অসুস্থ হয়েছেন অন্তত ৮৯ জন। তাঁদের মধ্যে একজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে ম্যানচেস্টারের কো-অপ লাইভ অ্যারেনায় এ ঘটনা ঘটে। মার্কিন সংগীতশিল্পী ডন টলিভারের পরিবেশনা চলার সময় দর্শকদের মধ্যে হঠাৎ অস্বাভাবিক গন্ধ ছড়িয়ে পড়ে। অনেককে কাশি দিতে, চোখে জ্বালাপোড়া অনুভব করতে এবং শ্বাসকষ্টে ভুগতে দেখা যায়। কেউ কেউ আতঙ্কে চিৎকার করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
রাত ১০টার কিছু পর পুলিশ ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো খবর পায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পুলিশ বড় ধরনের জরুরি ঘটনা বা ‘মেজর ইনসিডেন্ট’ ঘোষণা করে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, বিশেষ উদ্ধারকারী দল ও অন্যান্য জরুরি সেবাকর্মীরা পৌঁছান।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, কনসার্টের ভিড়ে টিয়ার গ্যাস ছড়ানো হয়েছে। তবে সোমবার গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, পদার্থটির প্রকৃত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে এটি ছড়ানো হয়েছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
সর্বশেষ পুলিশি তথ্য অনুযায়ী, মোট ৮৯ জনের শরীরে ওই পদার্থের সংস্পর্শে আসার সঙ্গে সম্পর্কিত উপসর্গ দেখা গেছে। তাঁদের মধ্যে ৮৮ জনকে ঘটনাস্থলে প্রাথমিকভাবে দূষণমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়। পরে তাঁদের পাশের ইতিহাদ স্টেডিয়ামে রাখা হয়েছিল। একজন নারীকে চিকিৎসার জন্য ম্যানচেস্টার রয়্যাল ইনফার্মারিতে নেওয়া হয়।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল টম হার্ডিং জানিয়েছেন, পদার্থটির প্রকৃতি, উৎস এবং জনস্বাস্থ্যের জন্য সম্ভাব্য ঝুঁকি নির্ধারণে পরীক্ষা চলছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি বিচ্ছিন্ন এবং সাধারণ মানুষের জন্য বৃহত্তর কোনো হুমকি নেই।
এদিকে ঘটনার পর ডন টলিভারের সোমবার লন্ডনের ওটু অ্যারেনায় নির্ধারিত কনসার্ট পিছিয়ে আগামী ১৫ ডিসেম্বর করা হয়েছে।
কনসার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তারা পুলিশের সঙ্গে সহযোগিতা করছে। পুলিশও দর্শকদের কারও শরীরে পরবর্তী সময়ে অসুস্থতার লক্ষণ দেখা দিলে হাসপাতালে যেতে, জিপির সঙ্গে যোগাযোগ করতে অথবা ১০১ নম্বরে ফোন করতে পরামর্শ দিয়েছে।