যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ

ঢাকা প্রতিনিধি: 

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাজ্যে বাংলাদেশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে। যুক্তরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের জুন থেকে এখন পর্যন্ত ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে।

ঢাকায় ডিক্যাব টক অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক বলেন, এসব সম্পদ জব্দ ও সম্ভাব্য ফেরত আনার প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইনি কাঠামোর অধীনে চলছে। তিনি জানান, সম্পদ ফেরত পাঠাতে হলে প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী প্রমাণ ও আদালতভিত্তিক প্রক্রিয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, গত দেড় থেকে দুই বছর ধরে যুক্তরাজ্য ও বাংলাদেশ সরকারের মধ্যে অবৈধ অর্থপাচার রোধ ও সম্পদ পুনরুদ্ধার নিয়ে ঘনিষ্ঠ সহযোগিতা চলছে।

হাইকমিশনার জানান, এ বছরের গ্রীষ্মে লন্ডনে অবৈধ অর্থায়নবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশের চলমান সংস্কার ও রাজনৈতিক বিষয় নিয়ে তিনি বলেন, এসব বিষয় বাংলাদেশের সংসদের অভ্যন্তরীণ সিদ্ধান্তের বিষয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এখানেই সরাসরি ভূমিকা নেই। তবে যুক্তরাজ্য সুশাসন, মানবাধিকার ও অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে, যা ভবিষ্যতেও আরও গভীর করার পরিকল্পনা রয়েছে।