ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

ইতালিতে আবর্জনার স্তূপে হারিয়েও মিলল ১০ লাখ ইউরোর লটারির টিকিট

ইতালিতে আবর্জনার স্তূপে হারিয়েও মিলল ১০ লাখ ইউরোর লটারির টিকিট

বিচিত্র খবর ডেস্ক, ৭ আগস্ট :   ভাগ্য যেন একবার দরজায় কড়া নাড়লেও ভুল বোঝাবুঝির কারণে হাতছাড়া হতে বসেছিল ১০ লাখ ইউরোর (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটির বেশি টাকা) লটারির পুরস্কার। তবে শেষ পর্যন্ত পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস চেষ্টায় কয়েক টন আবর্জনার ভেতর থেকে উদ্ধার হয়েছে সেই মূল্যবান টিকিট।

ঘটনাটি ইতালির দক্ষিণাঞ্চলের পুগলিয়া অঞ্চলে।

জানা গেছে, এক নারী স্থানীয় একটি দোকানের স্বয়ংক্রিয় মেশিনে নিজের লটারির টিকিটটি পরীক্ষা করেন। সেখানে ‘Non-payable’ বার্তা প্রদর্শিত হলে তিনি ভুলভাবে ধারণা করেন, টিকিটটি বিজয়ী হয়নি। এরপর সেটি কাছের একটি ডাস্টবিনে ফেলে দেন।

বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা লটারির ফলাফল যাচাই করে বুঝতে পারেন, টিকিটটিই আসলে ১০ লাখ ইউরোর পুরস্কার জিতেছে। পরে জানা যায়, বড় অঙ্কের পুরস্কারের অর্থ দোকানের মেশিন থেকে পরিশোধ করা সম্ভব না হওয়ায় ‘Non-payable’ বার্তাটি দেখানো হয়েছিল।

খবরটি জানার পর ওই নারী দ্রুত দোকানে ফিরে গেলেও ততক্ষণে আবর্জনা সংগ্রহকারী গাড়ি ডাস্টবিনের সব বর্জ্য নিয়ে চলে যায়। পরে তিনি স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সম্ভাব্য অবস্থান শনাক্ত করে বিশেষ অনুসন্ধান অভিযান শুরু হয়।

প্রায় একদিন ধরে কয়েক টন আবর্জনা খুঁড়ে খোঁজার পর পরিচ্ছন্নতাকর্মীরা অক্ষত অবস্থায় টিকিটটি উদ্ধার করতে সক্ষম হন।

বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির প্রশাসক রবার্তো নিকোলা তোসকানো বলেন, শুরুতে টিকিটটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বলেই মনে হয়েছিল। কিন্তু কর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও ধৈর্যের কারণে শেষ পর্যন্ত সফলতা আসে।

হারিয়ে যাওয়া টিকিট ফিরে পেয়ে বিজয়ী নারী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি উদ্ধার অভিযানে অংশ নেওয়া পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘটনাটি ইতালিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে ভাগ্যের পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের নিষ্ঠা ও দায়িত্ববোধের একটি অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।