ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

একনেকের অনুমোদনের অপেক্ষায় সিলেটে ২ হাজার কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প

একনেকের অনুমোদনের অপেক্ষায় সিলেটে ২ হাজার কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প

সিলেট প্রতিনিধি, ৭ আগস্ট:

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় ২ হাজার কোটি টাকার একটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিভাগের বিভিন্ন এলাকার সড়ক, সেতু ও কালভার্টে দৃশ্যমান উন্নয়ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার দক্ষিণ সুরমায় সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সিলেট বিভাগের গ্রামীণ যোগাযোগব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করতে সরকার বড় পরিসরের উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। একনেকের অনুমোদন মিললে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চলাচল সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও গতি পাবে।

তিনি আরও বলেন, সড়ক অবকাঠামোর পাশাপাশি প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং সংস্কারের মাধ্যমে যোগাযোগ নেটওয়ার্ককে আধুনিক ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্য নিয়েই প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে।

মীর শাহে আলম জানান, সিলেট অঞ্চলের উন্নয়নকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। সে লক্ষ্যেই ধাপে ধাপে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে গ্রামীণ জনপদের মানুষও উন্নত যোগাযোগ সুবিধা পায়।

এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।