ইসরায়েলি বোমা হামলায় বৈরুতে লাখো মানুষ ঘরছাড়া
বিশ্ব সংবাদ ডেস্ক, ৬ মার্চ : ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক বিমান হামলা ও জরুরি উচ্ছেদ নির্দেশনার ফলে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরগুলো থেকে কয়েক লাখ মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এক টেক্সট বার্তার মাধ্যমে ইসরায়েল ওই এলাকার বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিলে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় পাঁচ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে।
রাস্তা ভরে যায় আতঙ্কিত মানুষের ভিড়, গাড়ির হর্ন এবং ফোনকলের শব্দে। অনেকে গাড়ি ফেলে হেঁটে সমুদ্রের দিকে যেতে শুরু করেন, কারণ তারা আশঙ্কা করছিলেন যে অল্প সময়ের মধ্যেই তাদের বাড়িঘরের ওপর বোমা হামলা শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলের বহু ভবন ধসে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। আগে থেকেই লেবাননের দক্ষিণাঞ্চল, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণের প্রায় ১০ শতাংশ এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।

বৈরুতের দক্ষিণ উপশহরের বাসিন্দা আলি হামদান বলেন, বাড়ি ছাড়ার সময় মানুষ কেবল কিছু কাপড় আর প্রয়োজনীয় জিনিস নিতে পারে, কিন্তু জীবনের সব স্মৃতি বাড়িতেই থেকে যায়। গত যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি আগেই পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবারের হামলায় অন্তত ২১৭ জন নিহত এবং প্রায় ৮০০ জন আহত হয়েছেন। হাজার হাজার মানুষ এখনো নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছেড়ে অন্যত্র যাচ্ছেন। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা অব্যাহত রেখেছে এবং দুই পক্ষের সংঘাত ক্রমেই বড় আকারের যুদ্ধে রূপ নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।