ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে তিন এবং সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশির মৃত্যু
সিঙ্গাপুর প্রতিনিধি, ৪ আগস্ট:
মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে দেশটির নেগরি সিমবিলান প্রদেশের তামান লিঙ্গির এলাকায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার (৩ আগস্ট) বিকেলে একটি বাড়ি থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় আহত আরেক বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
নেগরি সিমবিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, স্থানীয়দের কাছ থেকে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থল থেকে একজন বাংলাদেশিকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সংঘর্ষে জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, বিরোধের সূত্র ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। প্রবাসী শ্রমিকদের মধ্যে আবাসন, কর্মপরিবেশ ও পারস্পরিক বিরোধ নিয়ে মাঝে মাঝে নানা ধরনের সংকট দেখা দেয়। তবে এ ধরনের সহিংস ঘটনায় বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা প্রবাসী মহলে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে, মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। নিহতরা হলেন- মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)।
গত শনিবার (২ আগস্ট) দেশটির স্থানীয় গণমাধ্যম বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, আহত দুই ব্যক্তি হলেন- মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্রবাস (৪০)। তাদের চিকিৎসার জন্য কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে।