ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

কুমিল্লার দেবীদ্বারে বাড়ির মালিককে হত্যার পর ৯ টুকরো, ভাড়াটিয়া আটক

কুমিল্লার দেবীদ্বারে বাড়ির মালিককে হত্যার পর ৯ টুকরো, ভাড়াটিয়া আটক

বাংলাদেশ প্রতিনিধি, ৯ আগস্ট:

কুমিল্লার দেবীদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক নারীর খণ্ডিত মরদেহের নয়টি প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বাড়ির ভাড়াটিয়া লাইলী আক্তারকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ফরিদা ইয়াসমিন ওই এলাকার মফিজুল ইসলামের স্ত্রী। তাঁর স্বামী জাহাজে চাকরি করেন। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ফরিদা বাড়িতে একাই থাকতেন। বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন লাইলী আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফরিদার ছোট মেয়ে মরিয়ম আক্তার মাকে দেখতে বাড়িতে এসে তাঁকে না পেয়ে খোঁজ শুরু করেন। পরে সন্ধ্যায় ফরিদার বোনের ছেলে মামুন বাড়ির পেছনে পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট দেখতে পান। সন্দেহ হওয়ায় প্যাকেট খুলতেই বেরিয়ে আসে ফরিদার খণ্ডিত মরদেহ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো নয়টি প্যাকেট উদ্ধার করে। স্থানীয়রা লাইলী আক্তারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলী হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর স্বামী আবুল কালাম আজাদ এবং রবিউল, সোহেল ও ইমন নামে আরও তিনজনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, ফরিদার মাথা ও পা এখনো উদ্ধার হয়নি। আটক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহের বাকি অংশ উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং প্রত্যেক অভিযুক্তের ভূমিকা তদন্তের পরই স্পষ্ট হবে।