‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’

মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, পায়ের রগ কাটার অভিযোগ

মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, পায়ের রগ কাটার অভিযোগ

ভয়েস অব পিপল রিপোর্ট, ৬ নভেম্বর : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলকে হাত-পা ভেঙে এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও স্বজনদের দাবি, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সম্প্রতি শাহাদাত ও এমদাদুল নামে দুই মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে তাদের সহযোগীরা। এরপর শাহাদাতের ছোট ভাই শাহজালাল বিভিন্ন সময়ে কালামকে হুমকি দিয়ে আসছিল।

অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে শাহজালাল ফোন করে কালামকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১০-১৫ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ রয়েছে।

কালামের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্ন হচ্ছে, মাদক ব্যবসার বিরুদ্ধে দাঁড়ানো একজন পুলিশ সদস্যই যদি এভাবে হামলার শিকার হন, তাহলে সাধারণ মানুষ অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাবে কোথায়? মাদক কারবারিদের এমন বেপরোয়া হয়ে ওঠার পেছনে কারা রয়েছে, সেটিও তদন্ত করে দেখা জরুরি।