তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল

ব্রিটেনজুড়ে দোকানপাটে অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩৪৯

ব্রিটেনজুড়ে দোকানপাটে অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩৪৯

ভয়েস অব পিপল রিপোর্ট, ১৪ নভেম্বর :

ব্রিটেনের বিভিন্ন শহরের দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে অর্থপাচার, অবৈধ ব্যবসা ও সংঘবদ্ধ অপরাধ পরিচালনাকারী চক্রের বিরুদ্ধে দেশজুড়ে বড় ধরনের অভিযান চালিয়েছে জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। অক্টোবরজুড়ে পরিচালিত ‘অপারেশন মেশিনাইজ’ নামের এ অভিযানে ৩ হাজার ২৯টি ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৩৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ২২ লাখ পাউন্ড নগদ অর্থ। পাশাপাশি অপরাধীদের ব্যাংক হিসাবে ৩৭ লাখ পাউন্ড জব্দের আদেশ নেওয়া হয়েছে।

১১ নভেম্বর প্রকাশিত এনসিএর তথ্য অনুযায়ী, অভিযানে প্রায় ৪২ লাখ পাউন্ডের কর ফাঁকি শনাক্ত অথবা প্রতিরোধ করা হয়েছে। এছাড়া ৬৮ লাখ পাউন্ড মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ২৬ লাখ পাউন্ড মূল্যের অবৈধ মাদক, ৪৯ হাজার ২৯৫টি অবৈধ ভ্যাপ, ১ হাজার ৬৪৫ কেজি অবৈধ তামাক এবং ৬৩ লাখ অবৈধ সিগারেট।

দোকানের আড়ালে অপরাধের সাম্রাজ্য

তদন্তে দেখা গেছে, অপরাধী চক্রগুলো ব্রিটেনের বিভিন্ন এলাকার নাপিতের দোকান, ভ্যাপ শপ, পান-সিগারেটের দোকান, মিনি-মার্ট ও অন্যান্য নগদ লেনদেননির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থপাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। এসব প্রতিষ্ঠানের আড়ালে মাদক ব্যবসা, অবৈধ অভিবাসন, মানব পাচার, কর ফাঁকি এবং নকল পণ্যের বাণিজ্য পরিচালিত হচ্ছে।

এনসিএর ধারণা, ব্রিটেনে প্রতিবছর অন্তত ১০০ কোটি পাউন্ডের অপরাধলব্ধ অর্থ এ ধরনের নগদ লেনদেননির্ভর ব্যবসার মাধ্যমে পাচার হয়।

অভিযানে ব্রিটেনের সব পুলিশ বাহিনীর পাশাপাশি আঞ্চলিক অপরাধ দমন ইউনিট, হোম অফিসের ইমিগ্রেশন বিভাগ, এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস, ট্রেডিং স্ট্যান্ডার্ডস এবং খাদ্য নিরাপত্তা সংস্থাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।

এনসিএ জানিয়েছে, গত ১৮ মাসে এই অভিযানের বিভিন্ন পর্যায়ে ৬ হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৩০০-এর বেশি ব্যক্তিকে এবং জব্দ করা হয়েছে প্রায় ১ কোটি ৯০ লাখ পাউন্ডের অপরাধলব্ধ সম্পদ।

সংস্থাটি বলেছে, অভিযানটি এখন আর নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়; সারা বছরই চলবে। শুধু দোকানের মালিক বা সামনের সারির কর্মচারী নয়, এসব অপরাধের পেছনে থাকা মূল অর্থদাতা ও নিয়ন্ত্রকদের শনাক্ত করে তাদের সম্পদ ও অপরাধলব্ধ মুনাফা জব্দ করাও অভিযানের অন্যতম লক্ষ্য।

ব্রিটেনের স্থানীয় ব্যবসা ও জননিরাপত্তার জন্য এ ধরনের অপরাধী নেটওয়ার্ক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অপরাধী চক্রের কারণে বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন, সরকার হারাচ্ছে বিপুল কর রাজস্ব এবং স্থানীয় জনগোষ্ঠী মাদক ও অন্যান্য অপরাধের ঝুঁকিতে পড়ছে।