ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় ছাত্রদলের দুই সদস্যকে সব পদ থেকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক, ১৬ আগস্ট:
১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির দুই সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন—বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী এহতেশামুল হক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী ফয়েজ হাওলাদার। তারা দুজনই জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের’ ভিত্তিতে ওই দুই সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি। জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর জানিয়েছেন, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মূল কারণ।
জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ওরা ফেসবুকে পোস্ট করেছে। ছাত্রদলের সাংগঠনিক ও আদর্শিক অবস্থান থেকে আমরা এটিকে আদর্শিক বিরোধিতা হিসেবে বিবেচনা করি। এই কারণেই তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
ছাত্রদলের এই সিদ্ধান্তের ফলে বিষয়টি সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলার পাশাপাশি দলটির রাজনৈতিক ও আদর্শিক অবস্থান নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।