লন্ডন সংবাদ

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, লন্ডনে চিকিৎসাধীন অভিনেতা ভালো আছেন

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, লন্ডনে চিকিৎসাধীন অভিনেতা ভালো আছেন

নিজস্ব প্রতিবেদক, ২৭ আগস্ট:

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে তার পরিবার। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত এই অভিনেতা ভালো আছেন বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

একজন জীবিত চিকিৎসাধীন স্বনামখ্যাত ব্যক্তিত্ব নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন ভিত্তিহীন সংবাদ ছড়ানোর ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব ও দেশের বিভিন্ন শাখার পক্ষ থেকে গুজবের উৎস শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কের সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এসব পরীক্ষার ফল পর্যালোচনা করে চিকিৎসকেরা তার পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন।

পরিবারের পক্ষ থেকে দেশবাসী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে নিসচার কেন্দ্রীয় নেতৃত্ব এবং সারা দেশের প্রায় ১২০টি শাখা যৌথভাবে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির মহাসচিব লিটন এরশাদ বলেন, সবার আগে সংবাদ দেওয়ার প্রতিযোগিতা কখনোই সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। দ্রুত সংবাদ প্রকাশের চেয়ে সেই সংবাদ সত্য কি না, তা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।

নিসচার নেতারা বলেন, মৃত্যু, দুর্ঘটনা কিংবা গুরুতর অসুস্থতার মতো সংবেদনশীল বিষয়ে তথ্য প্রকাশের আগে অবশ্যই সংশ্লিষ্ট পরিবার বা নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করা উচিত। জীবিত একজন মানুষের মৃত্যুর মিথ্যা খবর তার পরিবার, স্বজন, সহকর্মী ও ভক্তদের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক ও মানসিক কষ্ট সৃষ্টি করে।

তাদের মতে, যাচাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়িয়ে দেওয়া শুধু অনৈতিক নয়, ক্ষেত্রবিশেষে অপরাধও হতে পারে।

দূরারোগ্য ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। ওই অস্ত্রোপচারে টিউমারের একটি বড় অংশ অপসারণ সম্ভব হয় বলে জানা গেছে। পরে বিভিন্ন ধাপে তিনি কেমোথেরাপি ও ওরাল থেরাপি গ্রহণ করেন।

দীর্ঘ চিকিৎসার মধ্যেও সম্প্রতি সাময়িক বিরতিতে প্রায় ১০ দিনের জন্য দেশে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন। এ সময় তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জে নিজের গ্রামের বাড়িতে গিয়ে পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন এবং নিসচার একটি আনুষ্ঠানিক কর্মসূচিতেও অংশ নেন।

চিকিৎসার পরবর্তী ধাপ সম্পন্ন করতে গত সপ্তাহে জামাতাকে সঙ্গে নিয়ে তিনি আবার লন্ডনে ফিরে যান। বর্তমানে সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

পরিবার ও নিসচার পক্ষ থেকে বলা হয়েছে, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানতে হলে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্র অনুসরণ করার পাশাপাশি গুজব ছড়ানো থেকে বিরত থাকা জরুরি।