পাগলা মসজিদে পাগল ভক্তরা এবার দান করলো প্রায় ১২ কোটি টাকা!

পাগলা মসজিদে পাগল ভক্তরা এবার দান করলো প্রায় ১২ কোটি টাকা!

ঢাকা প্রতিনিধি, ২৭ ডিসেম্বর:  বাংলাদেশে দ্রব্যমূল্য বাড়ে, বেতন বাড়ে না—কিন্তু দান বাড়ে। আর সেই দানের মহাসড়কের টোল প্লাজা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। সর্বশেষ দানবাক্স খুলে দেখা গেছে, ভক্তদের “পাগলামিতে” এবার জমা পড়েছে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা—সঙ্গে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার অলংকার। মোট বস্তা ৩৫টি। অর্থনীতিবিদরা যেখানে হিসাব মিলাতে হিমশিম, সেখানে পাগলা মসজিদের দানবাক্স ঠিকই রেকর্ড ভেঙে চলেছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে কার্যত জানিয়ে দিয়েছেন—এখানে “বিশ্বাসের সুদ” এখনো বাজারের সব সূচককে হার মানাচ্ছে।

মসজিদে রয়েছে ১৩টি দানসিন্দুক। নিয়ম অনুযায়ী তিন মাস পরপর খোলার কথা থাকলেও এবার খোলা হয়েছে ৩ মাস ২৭ দিন পর। অর্থাৎ সময় একটু বেশি, টাকা একটু কম—কারণ আগেরবার ৪ মাস ১৮ দিনে এসেছিল ১২ কোটি ৯ লাখ টাকা। তবু আফসোস নেই, কারণ কোটি তো কোটিই।

ভোর সাতটায় দানবাক্স খোলা হয়। প্রশাসন, পুলিশ, ব্যাংক কর্মকর্তা, মাদ্রাসার ছাত্র, সেনাবাহিনী—সবাই হাজির। দৃশ্যটা ছিল এমন, যেন জাতীয় বাজেট গণনা হচ্ছে। প্রথমে হাতে, পরে মেশিনে—কারণ কোটি টাকার অঙ্কে মানুষের আঙুলও মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে। প্রায় পাঁচ শতাধিক মানুষ এই মহাযজ্ঞে অংশ নেন, কঠোর নিরাপত্তায়।