ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি
পূর্ব লন্ডনের আইল অব ডগসে ডুবে প্রাণ গেল ১৪ বছরের কিশোরের, খোলা জলাশয়ে নামা নিয়ে নতুন সতর্কতা
কমিউনিটি ডেস্ক, ৫ আগস্ট: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার মিলওয়াল আউটার ডকে পানিতে নেমে এক ১৪ বছর বয়সী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি আবারও রাজধানীর খোলা জলাশয়গুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
পুলিশ ও লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, সোমবার সন্ধ্যা প্রায় ৬টা ৫০ মিনিটে ইস্ট ফেরি রোড সংলগ্ন ডকে এক কিশোর পানিতে নেমেছে—এমন খবর পেয়ে জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়। কয়েক ঘণ্টাব্যাপী তল্লাশির পর রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।
টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে জানান, নিহত কিশোরের নাম বান্টা সিল্লাহ। তিনি স্থানীয় ফ্রন্টলাইন কমিউনিটি এফসি-র একজন প্রতিভাবান ফুটবলার ছিলেন এবং সম্প্রতি দলকে টাওয়ার হ্যামলেটস কাপ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে মেট্রোপলিটন পুলিশ আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করেনি।
মেয়র বলেন, এই মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরিবারগুলোর উচিত শিশু-কিশোরদের খোলা জলাশয়ের ঝুঁকি সম্পর্কে সচেতন করা। তার ভাষায়, লাইফগার্ডবিহীন বা অনুমোদিত নয়—এমন স্থানে সাঁতার কাটা থেকে বিরত থাকাই নিরাপদ।
এদিকে লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, চলমান উষ্ণ আবহাওয়ার কারণে অনেকেই নদী, খাল ও ডকে নামছেন, যা প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২০ সালের পর থেকে লন্ডনের বিভিন্ন খোলা জলাশয়ে দুর্ঘটনাজনিত ডুবে মৃত্যুর সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।
জরুরি সেবাদানকারী সংস্থাগুলো আবারও সতর্ক করে বলেছে, খোলা জলাশয়ের পানি বাইরে থেকে শান্ত দেখালেও এর নিচে তীব্র স্রোত, হঠাৎ গভীরতা এবং অত্যন্ত ঠান্ডা পানির কারণে যে কেউ বিপদের মুখে পড়তে পারেন। তাই নির্ধারিত ও নিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন স্থান ছাড়া কোথাও সাঁতার না কাটার আহ্বান জানানো হয়েছে।