ভয়েস অব পিপল ।। জনগণের কণ্ঠস্বর, বাস্তবতার প্রতিচ্ছবি

রাজধানী ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৮, উদ্ধার অস্ত্র-গুলিসহ বিপুল মাদক

রাজধানী ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৮, উদ্ধার অস্ত্র-গুলিসহ বিপুল মাদক

ঢাকা, ৬ আগস্ট: রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন থানায় মোট ৬৫টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে ডিএমপির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৩৫ জন। এছাড়া তেজগাঁও বিভাগ থেকে ৫৭ জন, মতিঝিল থেকে ৪৮ জন, লালবাগ থেকে ৪৩ জন, ওয়ারী থেকে ৪২ জন, উত্তরা থেকে ৪০ জন, গুলশান থেকে ৩০ জন এবং রমনা বিভাগ থেকে ২৩ জনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করা হয়। একই সঙ্গে ৪ হাজার ৪৩৯টি ইয়াবা ও ১ কেজি ১১০ গ্রাম গাঁজাও জব্দ করা হয়েছে।

এ ছাড়া দুটি কাঁধব্যাগ, তিনটি ওয়াকিটকি, দুটি চার্জার, একটি হাইয়েস মাইক্রোবাস, নয়টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, তিন বান্ডিল তাস, দুটি পুরোনো লাল-সবুজ চেকের বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, অভিযানের সময় দুইজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।