গিয়ে মক্কা, চাইছিলো অক্কা, কর্মকর্তারা করলো রক্ষা!
বিশ্ব সংবাদ ডেস্ক, ২৭ ডিসেম্বর: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গ্র্যান্ড মসজিদে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণ রক্ষা পেয়েছে এক ব্যক্তি। বৃহস্পতিবার গ্র্যান্ড মসজিদের ওপর তলা থেকে এক ব্যক্তি নিচে লাফিয়ে পড়তে চাইলে তাৎক্ষণিকভাবে ঝাঁপিয়ে পড়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তা।
সৌদি গেজেট কর্তৃপক্ষের বরাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই নিরাপত্তাকর্মী পবিত্র গ্র্যান্ড মসজিদের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ফোর্সেস বা বিশেষ বাহিনীর সদস্য।

ঘটনার সময় গ্র্যান্ড মসজিদের ওপরের তলায় কিনারায় দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। নিচে অবস্থানরত নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন। একপর্যায়ে তিনি ওপর থেকে পড়ে যেতে শুরু করলে এক নিরাপত্তা কর্মকর্তা দ্রুত ছুটে এসে দুই হাত উঁচু করে তাঁকে ধরার চেষ্টা করেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, ওপর থেকে পড়া ব্যক্তি সরাসরি ওই কর্মকর্তার ওপর এসে পড়েন। এতে দুজনই মাটিতে পড়ে যান। ঘটনার পরপরই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বিশেষ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তির পতন আটকাতে গিয়ে নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। তাঁর হাড়ে চিড় ধরেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে দুজনই বর্তমানে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঘটনার বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। meanwhile, বৃহস্পতিবারের এই নাটকীয় মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দায়িত্ব পালনে নিরাপত্তা কর্মকর্তার সাহসী ভূমিকা প্রশংসা কুড়িয়েছে।