বড়লেখায় বাড়িতে ঢুকে দুিই ভাইকে হত্যা
সিলেট প্রতিনিধি, ২৮ ডিসেম্বর : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতের দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—ওই গ্রামের মৃত নিমার আলীর ছেলে কুয়েতপ্রবাসী জামাল হোসেন (৫৬) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৯)। জামাল হোসেন প্রায় ছয় মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন। গুরুতর আহত ব্যক্তি হলেন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে জমির উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাগরিবের আজানের কিছুক্ষণ আগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে ফরেস্ট অফিস-সংলগ্ন এলাকায় জামাল হোসেনের বাড়ির পাশের একটি ফসলি জমিতে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন।
ওসি আরও জানান, কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং হামলাকারীরা কারা—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ প্রস্তুতের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।