লন্ডনে স্মৃতি ও বন্ধনের মিলনমেলা: দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন
কমিউনিটি ডেস্ক: প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও শিকড়ের টানে একত্রিত হলেন সিলেট শহরের জিন্দাবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। স্মৃতি, বন্ধুত্ব ও আবেগের আবেশে ভরা এক মিলনমেলার মাধ্যমে লন্ডনে মিলিত হন স্কুলটির সাবেক শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে ‘দি এইডেড হাই স্কুল ইউকে’ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা মাহমুদ হাসান এমবিই। প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক ও যুক্তরাজ্যপ্রবাসী ফজলুর রহমান।
মারুফ হাসান ও জুয়েল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রিটেনে বসবাসরত স্কুলের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীসহ কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ডক্টর আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহ্বাব হোসেন, পারভেজ কুরেশি বিইএম, বিবিসিসিআই-এর প্রেসিডেন্ট রফিক হায়দার, আলিমুজ্জামান, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, এম. বদরুজ্জামান, আব্দুল করিম, মুমিতুর রেজা চৌধুরী, মহসিন রেজা, শাহীন মোস্তফা, সাবুল জামান, মাফিজুর রব, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু ও এহতেশাম উদ্দিন বুলবুল।
অনুষ্ঠানে কমিউনিটির উন্নয়ন, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন মকবুল আহমেদ, মাহমুদ হাসান এমবিই, ডক্টর আনসার আহমেদ উল্লাহ, রফিক হায়দার, শাহীন মোস্তফা, এহতেশাম উদ্দিন বুলবুল, পারভেজ কুরেশি, আহ্বাব হোসেন, ফেরদৌস আহমেদ, আহাদ চৌধুরী বাবু ও সাবুল জামান।
অনুষ্ঠানের শুরুতে চৌধুরী মাজদুস সুবহান রন্টি স্কুলের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে একটি তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন। এরপর প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্কুলজীবনের স্মৃতি, শিক্ষক-বন্ধুদের কথা এবং জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, “আমি নিজেও এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। দীর্ঘদিন পর সবাইকে একসঙ্গে পেয়ে সত্যিই আনন্দিত।” তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে পুনর্মিলনী আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। অন্য অতিথিরাও আগামী সামারে বৃহত্তর পুনর্মিলনী এবং ২০২৮ সালে স্কুলের শতবর্ষ উপলক্ষে বিশেষ আয়োজনের আশাবাদ জানান।
শেষ পর্বে নির্মাণ স্কুল লেজেন্ডস ট্রফি ইউকে ২০২৫ টুর্নামেন্টে রানারআপ হওয়া দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং অতিথিদের মাঝে স্মারক উপহার বিতরণ করা হয়।
মামুনুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই মিলনমেলা শেষ হয় রাতের খাবারের মাধ্যমে। তবে আনুষ্ঠানিকতা শেষ হলেও অংশগ্রহণকারীদের হৃদয়ে রয়ে যায় শৈশবের স্কুলজীবনের স্মৃতি, পুরোনো বন্ধুত্বের উষ্ণতা এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে একত্র হওয়ার দৃঢ় প্রত্যয়।