ইরানের সঙ্গে সমঝোতামূলক সমাধানই উত্তম পথ: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
লন্ডন, ৬ মার্চ: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও “কিছু সময়” ধরে চলতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার । তবে দীর্ঘমেয়াদে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতাই সবচেয়ে ভালো পথ বলে তিনি জোর দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি শান্ত করতে যুক্তরাজ্য “যা যা সম্ভব সবই করছে।” এই অবস্থানটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এর অবস্থানের সঙ্গে স্পষ্টভাবে ভিন্ন। ট্রাম্প যেখানে ইরানে শাসন পরিবর্তনের ওপর জোর দিচ্ছেন এবং বলেছেন তেহরানের সঙ্গে আলোচনার জন্য “এখন অনেক দেরি হয়ে গেছে।”
স্টারমার সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক আক্রমণাত্মক হামলায় যুক্তরাজ্যকে অংশ না নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা তিনি সমর্থন করেন। তিনি বলেন, তিনি নিজের সিদ্ধান্তে অটল আছেন এবং এতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন ধারণা তিনি প্রত্যাখ্যান করেন।
এদিকে ওমান থেকে ব্রিটিশ নাগরিকদের নিয়ে একটি বিলম্বিত উদ্ধার ফ্লাইট উড্ডয়ন করেছে।
তবে ইরানের সম্ভাব্য হামলা থেকে আঞ্চলিক মিত্র ও সেখানে থাকা ব্রিটিশ নাগরিকদের যথেষ্ট সুরক্ষা দিতে না পারার অভিযোগে উপসাগরীয় কয়েকটি দেশ ও সাইপ্রাস থেকে স্টারমার সমালোচনার মুখে পড়েছেন। একই সঙ্গে ট্রাম্প ব্যক্তিগতভাবেও তাকে আক্রমণ করেছেন এবং বলেছেন তিনি “Winston Churchill নন।”
এরপরও ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সংঘাত প্রশমিত করার এবং ইরানকে তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তিনি ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে চান।