ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরাইলে চলছে বিস্ফোরণের ঢেউ
বিশ্ব সংবাদ ডেস্ক, লন্ডন, গ্রীণিচ মান সময় 01.11 GMT, : শুক্রবার ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, তারা কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থানে পৌঁছেছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এএফপি জানিয়েছে, শহরের বাণিজ্যিক কেন্দ্রের কাছে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা কাজ করছেন। একই সঙ্গে তেল আবিবের উপকণ্ঠে একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ব্যাপক হামলা চালায় এবং সোমবার সংঘাতে যোগ দেওয়া হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, তেহরান “তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত লক্ষ্যবস্তুগুলোর দিকে” ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।