‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তেজনা, গসপোর্টে ১২ জন গ্রেপ্তার

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তেজনা, গসপোর্টে ১২ জন গ্রেপ্তার

ভয়েস অব পিপল রিপোর্ট, ৬ অক্টোবর  :

ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় অভিবাসীদের যুক্তরাজ্যে পৌঁছানোকে কেন্দ্র করে দক্ষিণ ইংল্যান্ডের গসপোর্টে অভিবাসনবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে গসপোর্টের হাসলার মেরিনা এলাকায় প্রায় ৩৫০ জন বিক্ষোভকারী জড়ো হন। সেখানে ফ্রান্স থেকে আসা একটি ছোট নৌকা থেকে ১৪৯ জন অভিবাসীকে উদ্ধার করে দুইটি আরএনএলআই নৌকার মাধ্যমে তীরে আনা হয়। পরে তাদের কেন্টে নিয়ে গিয়ে স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিচয় যাচাইসহ নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

অভিবাসীদের তীরে আনার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে এবং কয়েকটি ফ্লেয়ার জ্বালানো হয়। পুলিশ জানিয়েছে, কয়েকজন কর্মকর্তা সামান্য আহত হয়ে ঘটনাস্থলেই চিকিৎসা নেন। তবে গুরুতর আহত হওয়ার খবর নেই।

গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে হামলা, জনশৃঙ্খলা ভঙ্গ, সম্পত্তির ক্ষতি, বিক্ষোভের নির্দেশ অমান্য এবং বর্ণবিদ্বেষমূলক জনশৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী।

পুলিশ গসপোর্টে বিক্ষোভকারীদের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ এবং মুখ ঢেকে পরিচয় গোপন করার ওপর নিষেধাজ্ঞাসহ বিশেষ ক্ষমতা প্রয়োগ করে। রাত প্রায় ২টার মধ্যে বিক্ষোভকারীরা এলাকা ছেড়ে চলে যান। পুলিশ অনলাইনে প্রকাশিত ভিডিও ও বডি-ক্যামেরার ফুটেজও পরীক্ষা করছে; প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে।

এদিকে ৬ অক্টোবরের সর্বশেষ আপডেটে হ্যাম্পশায়ার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ১২ জনের মধ্যে একজনের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। বাকিদের কয়েকজনকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় অভিবাসীদের আসা নিয়ে যুক্তরাজ্যে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক অব্যাহত রয়েছে। একই রাতে চ্যানেল পাড়ি দেওয়ার পৃথক একটি ঘটনায় দুই ব্যক্তি মারা যান এবং দুই নারী আহত হন বলে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে।