‘‘দেশ থেকে দেশান্তরে, ভয়েস অব পিপল সবার ঘরে’’
বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধের দাবিতে সিলেটে অবস্থান, পদযাত্রা
সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক, ৭ অক্টোবর :
বিমানবন্দরে প্রবাসী ও সাধারণ যাত্রীদের হয়রানি, অসদাচরণ এবং লাগেজ নিয়ে ভোগান্তি বন্ধের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় ৩০ মিনিটের অবস্থান কর্মসূচির পর দুপুর ১২টায় শহীদ মিনার থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট ও সিটি পয়েন্ট হয়ে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে আয়োজকেরা দাবি করেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমসে দীর্ঘ সময় অপেক্ষা, ট্রলি পেতে ভোগান্তি এবং দায়িত্বপ্রাপ্তদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। একই সঙ্গে লাগেজ ভাঙচুর, তালা কেটে ফেলা এবং লাগেজ থেকে মূল্যবান সামগ্রী হারিয়ে যাওয়ার অভিযোগও তুলে ধরা হয়। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে বিমানবন্দরে পর্যাপ্ত ট্রলি নিশ্চিত করা, লাগেজ হ্যান্ডলিং এলাকায় শতভাগ সিসিটিভি নজরদারি, লাগেজ-সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তার জন্য কার্যকর প্রবাসী সহায়তা সেল গঠনের দাবি জানানো হয়েছে।
সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। কর্মসূচি পরিচালনা করেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী।
আয়োজকদের বক্তব্য, বিদেশে কর্মরত বাংলাদেশিরা নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই দেশে ফেরার সময় বিমানবন্দরে তাদের সম্মানজনক আচরণ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি। বিমানবন্দরে হয়রানি ও সেবার ঘাটতির অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হলে প্রবাসীদের আস্থা বাড়বে এবং দেশের ভাবমূর্তিও সুরক্ষিত থাকবে।