তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক, ২৯ অক্টোবর :
সিলেটে পুলিশি হেফাজতে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন। সিলেট মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগে মামলা করেন। পরবর্তী তদন্তে নির্যাতনের প্রমাণ পাওয়া যায়।
২০২১ সালের ৫ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে এসআই আকবরসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করা হলো।
রায়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান ও আশেক এলাহী এবং সংবাদকর্মী নোমানকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় মামলার একমাত্র কারাগারে থাকা আসামি আশেক এলাহী আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।