তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য—ভয়েস অব পিপল
যুক্তরাজ্যে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ, একসঙ্গে চাকরি হারালেন ৬৬২ কর্মী
ভয়েস অব পিপল রিপোর্ট, ১১ নভেম্বর :
যুক্তরাজ্যের ওরচেস্টারশায়ারের ইভশামে বড় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কেনস ফুডস লিমিটেড (Kanes Foods Limited) বন্ধ হয়ে যাওয়ায় একসঙ্গে চাকরি হারিয়েছেন ৬৬২ জন কর্মী। গত ৯ নভেম্বর প্রতিষ্ঠানটি প্রশাসনের অধীনে যাওয়ার পরপরই কারখানার উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এতে শত শত পরিবার হঠাৎ জীবিকার সংকটে পড়েছে।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের বিভিন্ন বড় সুপারমার্কেটে প্যাকেটজাত তাজা সালাদ, নুডলস, সস ও স্টার-ফ্রাইয়ের উপকরণ সরবরাহ করত। প্রতিষ্ঠানটির বার্ষিক ব্যবসায়িক আয় ছিল প্রায় ৮ কোটি ৩০ লাখ পাউন্ড।
প্রশাসকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে কারখানার বর্জ্য পানি শোধনাগার বিকল হয়ে প্রায় ২০ লাখ পাউন্ড ক্ষতি হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের গ্রীষ্মে খরার কারণে শাকসবজির সরবরাহে সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। লোকসান, নগদ অর্থের সংকট এবং নতুন অর্থায়ন না পাওয়ায় প্রতিষ্ঠানটি আর ব্যবসা চালিয়ে যেতে পারেনি। বিক্রির উদ্যোগ নেওয়া হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
চাকরিহারা কর্মীদের জন্য কী ব্যবস্থা হচ্ছে?
কর্মীদের সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান প্রাইমাফ্রুট (Primafruit)। আগামী ১৩ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইভশামের ভ্যাল বিজনেস পার্কে প্রতিষ্ঠানটি চাকরিপ্রত্যাশীদের জন্য সরাসরি যোগাযোগ ও নিয়োগসংক্রান্ত পরামর্শ অনুষ্ঠানের আয়োজন করছে। সেখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই উপস্থিত হয়ে সম্ভাব্য চাকরির সুযোগ সম্পর্কে জানা যাবে। আগ্রহীরা jobs@primafruit.co.uk ঠিকানায় ইমেইল করেও যোগাযোগ করতে পারবেন।
এদিকে স্থানীয় সংসদ সদস্য নাইজেল হাডলস্টন প্রশাসক প্রতিষ্ঠান পিডব্লিউসি এবং যুক্তরাজ্যের কর্মসংস্থান ও পেনশন বিভাগ (DWP)-এর সঙ্গে যোগাযোগ করছেন। চাকরিহারা কর্মীদের প্রাপ্য রিডানড্যান্সি বা চাকরি হারানোর ক্ষতিপূরণ, প্রয়োজনীয় পরামর্শ এবং বিকল্প কর্মসংস্থান খুঁজে পেতে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাইজেল হাডলস্টন ঘটনাটিকে স্থানীয় পরিবারগুলোর জন্য অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। তাঁর আশঙ্কা, প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ায় শুধু কর্মীরাই নন, এর সঙ্গে যুক্ত কৃষিপণ্য সরবরাহকারী ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হতে পারে।